বিধি ৪ — চাকরি বিধি অনুমোদন পদ্ধতি
চাকরি বিধি অনুমোদন পদ্ধতি
(১) খসড়া চাকরি বিধি প্রাপ্তির ১০ (দশ) দিনের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক উহার কপি প্রাপ্তির স্বীকারপত্রসহ এতৎসঙ্গে ফরম-৪ অনুযায়ী একটি নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে, সরাসরি বা অন্য কোনো পদ্ধতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক এবং শ্রমিক কল্যাণ সমিতির, যদি থাকে, নিকট প্রেরণ করিবেন।
(২) সংশ্লিষ্ট মালিক উক্ত নোটিশ পাইবার ১০ (দশ) দিনের মধ্যে খসড়া চাকরি বিধিসহ নোটিশটি তাহার প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে টাঙ্গাইয়া দিবেন এবং উহা প্রকাশের তারিখ উল্লেখসহ নোটিশটি প্রকাশ করা হইয়াছে মর্মে অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট একটি প্রত্যয়নপত্র প্রেরণ করিবেন।
(৩) নোটিশে সংযুক্ত চাকরি বিধির খসড়ার উপর শ্রমিক বা শ্রমিক কল্যাণ সমিতি ২০ (বিশ) দিনের মধ্যে তাহাদের প্রস্তাব বা আপত্তি (যদি থাকে) ফরম-৫ অনুযায়ী অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট যুক্তিসহ উপস্থাপন করিবেন।
(৪) শ্রমিকের বা শ্রমিক কল্যাণ সমিতির নিকট হইতে আপত্তি বা প্রস্তাব পাইবার ২০ (বিশ) দিনের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক নির্ধারিত তারিখ ও স্থানে আপত্তি বা প্রস্তাব শ্রবণ করিবেন এবং তাহার নিকট কোনো আপত্তি বা প্রস্তাব যুক্তিযুক্ত বিবেচিত হইলে তিনি উক্তরূপ শুনানি অনুষ্ঠানের পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে মালিকের নিকট প্রেরণ করিবেন।
(৫) মালিক উপ-বিধি (৪) এর অধীন প্রাপ্ত আপত্তি বা প্রস্তাবনার উপর পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে তাহার প্রতিষ্ঠানের মতামত অতিরিক্ত মহাপরিদর্শককে অবহিত করিবেন।
(৬) অতিরিক্ত মহাপরিদর্শক উপ-বিধি (৫) এর অধীন প্রাপ্ত মতামত বিবেচনার পর খসড়া চাকরি বিধি প্রস্তাবিত সংশোধনীসহ বা ব্যতীত গৃহীত হইবার বিষয়ে ২০ (বিশ) দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করিবেন এবং প্রস্তাবিত সংশোধনীসহ চাকরি বিধির খসড়া চূড়ান্তকরণের সিদ্ধান্ত গৃহীত হইলে অতিরিক্ত মহাপরিদর্শক গৃহীত সংশোধনীসমূহ অন্তর্ভুক্ত করিয়া চাকরি বিধির সংশোধিত খসড়ার ৫ (পাঁচ) কপি পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে জমা প্রদানের জন্য মালিককে নির্দেশ প্রদান করিবেন।
(৭) সংশোধনীসহ বা ব্যতীত, যাহাই হউক না কেন, অতিরিক্ত মহাপরিদর্শক যদি মনে করেন যে, খসড়া চাকরি বিধি আইনের বিধানের পরিপন্থি বা সাঙ্ঘর্ষিক বা আইনের উদ্দেশ্য পূরণে অপর্যাপ্ত, তাহা হইলে তিনি প্রয়োজনীয় সংশোধনীসহ একটি নূতন খসড়া চাকরি বিধি উপস্থাপন করিবার জন্য মালিককে নির্দেশ প্রদান করিতে পারিবেন।
(৮) মালিক উপ-বিধি (৭) অনুসারে একটি নূতন খসড়া চাকরি বিধি পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট পুনরায় উপস্থাপন করিবেন এবং অতিরিক্ত মহাপরিদর্শক উহার উপর সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য একত্রে শ্রবণ করিবার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিবেন এবং এতৎসংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা সম্পাদিত হইলে পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে মহাপরিদর্শকের নিকটে উহা সুপারিশসহ অনুমোদনের নিমিত্ত প্রেরণ করিবেন।
(৯) মহাপরিদর্শক উপ-বিধি (৮) এর অধীন খসড়া চাকরি বিধি প্রাপ্তির ৬ (ছয়) মাসের মধ্যে অনুমোদন প্রদান বা কারণ উল্লেখপূর্বক অননুমোদন করিবেন এবং বিষয়টি অতিরিক্ত মহাপরিদর্শক আদেশ দ্বারা মালিককে অবহিত করিবেন।
(১০) উপ-বিধি (৯) এর অধীন অতিরিক্ত মহাপরিদর্শকের আদেশে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্বাহী চেয়ারম্যানের নিকট আপিল করিতে পারিবে এবং আপিল প্রাপ্তির ৪৫ (পয়ঁতাল্লিশ) দিনের মধ্যে নির্বাহী চেয়ারম্যান উহা নিষ্পত্তি করিবেন এবং নির্বাহী চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
(১১) মহাপরিদর্শক কর্তৃক খসড়া চাকরি বিধি অনুমোদনের ১৫ (পনেরো) দিনের মধ্যে মালিক উক্ত চাকরি বিধির অন্যূন ৫ (পাঁচ) কপিতে যথাযথভাবে স্বাক্ষর ও সিলসহ তারিখ প্রদানপূর্বক সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট প্রেরণ করিবেন ও উক্ত চাকরি বিধির কপিতে অতিরিক্ত মহাপরিদর্শক স্বাক্ষর ও সিল প্রদান করিবেন।
(১২) অতিরিক্ত মহাপরিদর্শক কর্তৃক স্বাক্ষর ও সিল প্রদানের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত অথবা অতিরিক্ত মহাপরিদর্শকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হইলে উক্ত আপিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত চাকরি বিধি কার্যকর হইবে না।
(১৩) চাকরি বিধির একটি মূল কপি অতিরিক্ত মহাপরিদর্শক নিজ দপ্তরে সংরক্ষণ করিবেন এবং ফরম-৬ অনুযায়ী চাকরি বিধিমালার রেজিস্টারে উহার তথ্য অন্তর্ভুক্ত করিবেন।
(১৪) অতিরিক্ত মহাপরিদর্শক চাকরি বিধির একটি কপি নির্বাহী চেয়ারম্যান, মালিক এবং শ্রমিক কল্যাণ সমিতি, যদি থাকে, এর বরাবরে প্রেরণ করিবেন।
(১৫) কোনো ব্যক্তি, সমিতি বা কোনো কারখানা ব্যবস্থাপনা চাকরি বিধির কপি সংগ্রহ করিতে চাহিলে অতিরিক্ত মহাপরিদর্শকের দপ্তরে উক্ত চাকরি বিধি ফটোকপি করিবার খরচের অর্থ প্রদান করিলে ৩ (তিন) কর্মদিবসের মধ্যে চাকরি বিধির অবিকল নকল প্রদান করা যাইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি