বিধি ৪৩ — প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম
প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম
(১) আইনের ধারা ৩৫(২)(ঙ) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, শাখা ও তলায় কমপক্ষে একটি করিয়া প্রাথমিক চিকিৎসার বাক্স থাকিবে যাহা কর্মসময়ে সহজে পাওয়া যাইবে এবং উহা সুস্পষ্টভাবে রেড ক্রিসেন্ট বা ক্রস চিহ্নযুক্ত হইতে হইবে এবং ব্যক্তির সংখ্যার ভিত্তিতে উহাতে উপ-বিধি (৩), (৪) বা উপ-বিধি (৫) এ বর্ণিত সরঞ্জাম থাকিবে।
(২) প্রতিষ্ঠানে নিয়োজিত প্রতি ১৫০ (একশত পঞ্চাশ) জন শ্রমিকের জন্য কমপক্ষে একটি প্রাথমিক চিকিৎসার বাক্স থাকিবে যাহা এইরূপ একজন দায়িত্বপূর্ণ ব্যক্তির আমানতে থাকিবে যিনি প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং যাহাকে প্রতিষ্ঠানের সার্বিক কর্ম-সময়ে পাওয়া যাইবে।
(৩) প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকক্ষে উপ-বিধি (২) এর অধীন বর্ণিত প্রাথমিক চিকিৎসা প্রদানকারী ব্যক্তির নাম সংবলিত একটি নোটিশ টাঙ্গাইয়া দিতে হইবে এবং উক্ত ব্যক্তিকে সহজে সনাক্ত করা যায় এইরূপ ব্যাজ পরিধান করিবেন এবং তিনি প্রাথমিক চিকিৎসা বাক্সতে সবগুলো উপকরণ রহিয়াছে কিনা তাহা একটি চেকলিস্টের মাধ্যমে পরীক্ষা করিয়া স্বাক্ষরপূর্বক সংরক্ষণ করিবেন।
(৪) যান্ত্রিক শক্তি ব্যবহৃত হয় এইরূপ প্রতিষ্ঠান, বিভাগ, শাখা ও তলায় নিযুক্ত ব্যক্তির সংখ্যা যদি অনধিক ১০ (দশ) হয় অথবা যেই সকল প্রতিষ্ঠানে কোনো যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয় না সেই স্থানে নিযুক্ত ব্যক্তির সংখ্যা অনধিক ৫০ (পঞ্চাশ) হয় তবে সেইসব প্রতিষ্ঠানে প্রতিটি প্রাথমিক চিকিৎসা বাক্স বা আলমারিতে নিম্নবর্ণিত সরঞ্জাম থাকিবে, যথা:
(ক) ৬ (ছয়) টি ছোট জীবাণুমুক্ত ব্যান্ডেজ;
(খ) ৩ (তিন) টি (প্রতিটি ০.৫ আউন্স) প্যাকেট জীবাণুমুক্ত তুলা;
(গ) ৩ (তিন) মাঝারি আকৃতির জীবাণুমুক্ত ব্যান্ডেজ;
(ঘ) ৩ (তিন) বড় আকৃতির জীবাণুমুক্ত ব্যান্ডেজ;
(ঙ) পুড়িয়া যাইবার ক্ষেত্রে ব্যবহার্য ৩টি বড় আকৃতির জীবাণুমুক্ত ব্যান্ডেজ;
(চ) হিবিসল বা হেক্সাসল ভর্তি ১ (এক) টি (এক আউন্স) বোতল;
(ছ) রেকটিফাইড স্পিরিট ভর্তি ১ (এক) টি (এক আউন্স) বোতল;
(জ) ১ (এক) জোড়া কাঁচি;
(ঝ) প্রাথমিক চিকিৎসার প্রচারপত্র ১ (এক) কপি;
(ঞ) বেদনানাশক ও এন্টাসিড জাতীয় ঔষধ, পোড়ায় ব্যবহারের জন্য সিল্ক মলম, চোখের মলম এবং শল্য চিকিৎসার উপযুক্ত এন্টিসেপটিক দ্রবণ; এবং
(ট) ৩ (তিন) টি খাবার স্যালাইন প্যাকেট।
(৫) যেই সকল প্রতিষ্ঠানে বিভাগ, শাখা ও তলায় যান্ত্রিক শক্তি ব্যবহৃত হয় এবং নিযুক্ত ব্যক্তির সংখ্যা ১০ (দশ) এর অধিক কিন্তু ৫০ (পঞ্চাশ) এর অধিক নহে সেই সকল প্রতিষ্ঠানে প্রতিটি প্রাথমিক চিকিৎসা বাক্স বা আলমারিতে নিম্নবর্ণিত সরঞ্জাম থাকিবে, যথা:
(ক) ১২ (বারো) টি ছোট জীবাণুমুক্ত ব্যান্ডেজ;
(খ) ৬ (ছয়) টি মাঝারি আকারের জীবাণুমুক্ত তুলার প্যাকেট;
(গ) ৬ (ছয়) টি বড় আকারের জীবাণুমুক্ত ব্যান্ডেজ;
(ঘ) পুড়িয়া যাইবার ক্ষেত্রে ব্যবহার্য ৬ (ছয়) টি বড় আকারের জীবাণুমুক্ত ব্যান্ডেজ;
(ঙ) ৬ (ছয়) টি (০.৫ আউন্স) জীবাণুমুক্ত তুলার প্যাকেট;
(চ) হিবিসল বা হেক্সাসল ভর্তি ১ (এক) টি (দুই আউন্স) বোতল;
(ছ) ১ (এক) টি (দুই আউন্স) রেকটিফাইড স্পিরিট ভর্তি বোতল;
(জ) টুরনিকেট (রক্তপাত বন্ধ করিবার উপকরণ);
(ঝ) ১ (এক) রোল আঁঠালো প্লাস্টার;
(ঞ) ১ (এক) জোড়া কাঁচি;
(ট) প্রাথমিক চিকিৎসার প্রচারপত্র ১ (এক) কপি;
(ঠ) বেদনানাশক ও এন্টাসিড বড়ি, পোড়ায় ব্যবহারের জন্য সিল্ক মলম, চোখের মলম এবং শল্য চিকিৎসার উপযুক্ত জীবাণুনাশক দ্রবণ; এবং
(ড) ৬ (ছয়) টি খাবার স্যালাইন প্যাকেট।
(৬) ৫০ (পঞ্চাশ) জন বা উহার অধিক লোক নিয়োগ করা হয় এইরূপ প্রতিষ্ঠানের বিভাগ, শাখা ও তলায় প্রতিটি প্রাথমিক চিকিৎসা বাক্স বা আলমারিতে অতিরিক্ত মহাপরিদর্শক কর্তৃক ভিন্নরূপ নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত সরঞ্জাম থাকিবে, যথা:
(ক) ১২ (বারো) টি (০.৫ আউন্স) জীবাণুমুক্ত তুলার প্যাকেট;
(খ) ১২ (বারো) টি মাঝারি আকারের জীবাণুমুক্ত তুলার প্যাকেট;
(গ) ১২ (বারো) টি বড় আকারের জীবাণুমুক্ত তুলার প্যাকেট;
(ঘ) ২৪ (চব্বিশ) টি ছোট জীবাণুমুক্ত ব্যান্ডেজ;
(ঙ) পোড়ার ক্ষেত্রে ব্যবহার্য ১২টি বড় আকারের জীবাণুমুক্ত ব্যান্ডেজ;
(চ) ১২ (বারো) টি (৪" চওড়া) রোলার ব্যান্ডেজ;
(ছ) ১২ (বারো) টি (২" চওড়া) রোলার ব্যান্ডেজ;
(জ) ৬ (ছয়) টি ত্রিকোণাকৃতি ব্যান্ডেজ;
(ঝ) টুরনিকেট (রক্তপাত বন্ধ করিবার উপকরণ);
(ঞ) ২% আয়োডিনের এলকোহলিক দ্রবণ ভর্তি ১ (এক) টি বোতল (৪ আউন্স);
(ট) ১ (এক) জোড়া কাঁচি;
(ঠ) ১ (এক) টি (৪ আউন্স) রেকটিফাইড স্পিরিট ভর্তি বোতল;
(ড) ২ (দুই) প্যাকেট সেইফটি পিন;
(ঢ) হাড়ভাঙ্গার ক্ষেত্রে ব্যবহার্য ১২ (বারো) টি বাঁশের/কাঠের চটি;
(ণ) বেদনানাশক ও এন্টাসিড বড়ি, পোড়ার ক্ষেত্রে ব্যবহারের জন্য সিল্ক মলম এবং শল্য চিকিৎসার জীবাণুনাশক দ্রব্য;
(ত) ১২ (বারো) টি খাবার স্যালাইনের প্যাকেট; এবং
(থ) ১ (এক) টি প্রাথমিক চিকিৎসার প্রচারপত্র।
(৭) এই বিধিতে উল্লিখিত প্রাথমিক চিকিৎসার বাক্স, যন্ত্রপাতি এবং উপকরণসমূহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক প্রতি ৩ (তিন) মাসে অন্যূন একবার পরীক্ষা করিতে হইবে এবং কোনো সামগ্রীর মেয়াদোত্তীর্ণ হইবার অন্তত ১ (এক) মাস পূর্বে উহা পরিবর্তন করিতে হইবে।
(৮) যেই সকল প্রতিষ্ঠানে যথাযথ সরঞ্জামসহ চিকিৎসা কক্ষ রহিয়াছে অথবা যেখানে অনুরূপ সরঞ্জাম একটি বাক্সে সংরক্ষণ করা রহিয়াছে সেই সকল প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা বাক্সে শুধু উপ-বিধি (৪) এ উল্লিখিত সরঞ্জাম রাখিতে হইবে:
তবে শর্ত থাকে যে, পরিদর্শক, সময় সময়, উক্ত বাক্স বা আলমারিতে অন্য কোনো সরঞ্জাম যোগ করিবার জন্য নির্দেশ প্রদান করিলে উহা সংরক্ষণ করিতে হইবে।
(৯) পেশাগত রোগে বা কর্মকালীন দুর্ঘটনায় আক্রান্ত শ্রমিক ও কর্মচারীকে মালিক নিজস্ব ব্যয়ে ও দায়িত্বে উক্ত রোগ, আঘাত বা অসুস্থতা উপযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সম্পূর্ণ সুস্থ না হইবার পর্যন্ত চিকিৎসা করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি