বিধি ১৪৬ — ইপিজেড শ্রম আদালতে ক্ষতিপূরণের অর্থ জমা প্রদানের আবেদন
ইপিজেড শ্রম আদালতে ক্ষতিপূরণের অর্থ জমা প্রদানের আবেদন
(১) যেইক্ষেত্রে কোনো মালিক দুর্ঘটনায় জখমপ্রাপ্ত কোনো শ্র্মিককে বা মৃত শ্রমিকের ক্ষতিপূরণের অর্থ আইন অনুযায়ী পোষ্যদের প্রদান করেন নাই অথবা আদালতে জমা প্রদান করেন নাই সেইক্ষেত্রে উক্ত অর্থ জমা প্রদানের জন্য আদেশ জারির প্রার্থনা জানাইয়া শ্রমিক নিজে অথবা মৃত শ্রমিকের যে কোনো পোষ্য অথবা তাহার আইনগত প্রতিনিধি ইপিজেড শ্রম আদালতে দরখাস্ত করিতে পারিবেন এবং অনুরূপ দরখাস্ত প্রযোজ্য ক্ষেত্রে ফরম-৫৭, ফরম-৫৮ বা ফরম-৫৯ অনুযায়ী করিতে হইবে।
(২) ইপিজেড শ্রম আদালত অনুরূপ দরখাস্ত প্রাপ্তির পর
(ক) মালিককে শুনানির সুযোগ প্রদান করিয়া তদন্ত সমাপ্ত করিবার পর উহা যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, ক্ষতিপূরণের অর্থ আইন অনুযায়ী প্রদান করা বা আদালতে জমা দেওয়া হয় নাই তাহা হইলে আইনের ধারা ৭৩(৯) অনুযায়ী ক্ষতিপূরণের টাকা জমা দেওয়ার জন্য মালিককে নির্দেশ প্রদান করিবে;
(খ) মালিক কর্তৃক ক্ষতিপূরণের অর্থ জমা হইবার পর, যে কোনো সময় উহা তৎকর্তৃক নির্ধারিত পন্থায় মৃত শ্রমিকের যে সকল পোষ্য বা নির্ভরশীল আবেদন করেন নাই তাহাদের নিকট নোটিশ পৌঁছাইবার জন্য নির্দেশ প্রদান করিবে এবং উক্ত নোটিশে সংশ্লিষ্ট পোষ্য কোনো তারিখে আদালত সমীপে উপস্থিত হইবে উহা উল্লেখ থাকিতে হইবে;
(গ) দরখাস্তের সংশ্লিষ্ট ব্যক্তি ইপিজেড শ্রম আদালতে নির্দেশিত তারিখে উপস্থিত হইতে ব্যর্থ হইবার কারণে মৃত ব্যক্তির কোনো নির্ভরশীল ব্যক্তি ক্ষতিপূরণ বাবদ জমাকৃত টাকার অংশ পাইবার অধিকার হইতে যাহাতে বঞ্চিত না হন উহা নিশ্চিত করিবে।
(৩) কোনো মালিক আইনের ধারা ৭৩(৯) এর বিধান অনুযায়ী ক্ষতিপূরণ জমা প্রদান করিবার সময় উহার সহিত একটি বিবরণী দাখিল করিবেন এবং তাহাকে ফরম-৫৬ অনুযায়ী ইপিজেড শ্রম আদালত এতদ্সংশ্লিষ্ট একটি রসিদ প্রদান করিবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৭৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি