বিধি ২০২ — ফেডারেশন নিবন্ধনের জন্য আবেদন
ফেডারেশন নিবন্ধনের জন্য আবেদন
(১) বিধি ১৯৯ এর অধীন শ্রমিক কল্যাণ সমিতিসমূহ ফেডারেশন গঠনে সম্মত হইলে তাহারা সমিতির সদস্যের মধ্য হইতে একজনকে আহ্বায়ক মনোনীত করিয়া তাহার স্বাক্ষরে নির্বাহী চেয়ারম্যানের নিকট ফরম-৮৩ অনুযায়ী নিবন্ধনের জন্য আবেদন করিবে।
(২) উপ-বিধি (১) এর অধীন আবেদনপত্রের সহিত ফেডারেশনের গঠনতন্ত্রের তিনটি অনুলিপি বা কপি প্রদান করিতে হইবে।
(৩) ফেডারেশনের সদস্যদের বিবরণ ফরম-৮৪ এবং সদস্যভুক্ত শ্রমিক কল্যাণ সমিতির তালিকা ফরম-৮৫ অনুযায়ী প্রদান করিতে হইবে।
(৪) নির্বাহী চেয়ারম্যান যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশন আইন ও এই বিধিমালার সকল শর্ত প্রতিপালন করিয়া অনুমোদনের জন্য আবেদন করিয়াছে এবং গঠনতন্ত্র প্রণীত হইয়াছে তাহা হইলে তিনি আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে নিবন্ধন প্রদান করিবেন।
(৫) যদি নির্বাহী চেয়ারম্যানের নিকট প্রতীয়মান হয় যে, আবেদনপত্রে প্রয়োজনীয় কোনো বিষয়ের ত্রুটি, বিচ্যুতি বা ভ্রান্তি রহিয়াছে তাহা হইলে তিনি লিখিতভাবে তাহার আপত্তি উক্ত ফেডারেশনকে আবেদন প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে অবহিত করিবেন এবং অবহিত হইবার পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে ফেডারেশন উক্ত আপত্তিসমূহের জবাব প্রদান করিবেন।
(৬) উপ-বিধি (৫) এর অধীন উত্থাপিত আপত্তিসমূহের জবাব নির্বাহী চেয়ারম্যানের নিকট সন্তোষজনক প্রতীয়মান হইলে তিনি আপত্তি প্রদানের পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত ফেডারেশনকে নিবন্ধন প্রদান করিবেন এবং জবাব সন্তোষজনক না হইলে আবেদন প্রত্যাখান করিতে পারিবেন।
(৭) ফেডারেশন নিবন্ধন পাইলে নির্বাহী চেয়ারম্যান নিবন্ধনের প্রত্যয়নপত্র পাইবার জন্য নিবন্ধন ফি বাবদ ১,০০০ (এক হাজার) টাকা কর্তৃপক্ষের কোষাগারে জমা প্রদানের জন্য লিখিত নির্দেশ প্রদান করিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি