RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২০৭ — ফেডারেশনের নির্বাহী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি

বিধি ২০৭

ফেডারেশনের নির্বাহী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি

(১) ফেডারেশনের নির্বাহী পরিষদের নির্বাচনের লক্ষ্যে নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা নির্বাচনের অন্যূন ৩০ (ত্রিশ) দিন পূর্বে গোপন ব্যালটের মাধ্যমে ফেডারেশনের নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেডারেশনের সদস্যদের সমন্বয়ে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিবেন:

তবে শর্ত থাকে যে, ফেডারেশনের সদস্যদের মধ্যে কেহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হইতে ইচ্ছুক না হইলে নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা নিজ বিবেচনায় উপযুক্ত প্রতিনিধি মনোনয়নপূর্বক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিবেন।

(২) উক্তরূপ নির্বাচন কার্যক্রম পরিচালনায় কারখানা বা প্রতিষ্ঠানের মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রভাব বিস্তার করিতে পারিবেন না।

(৩) উপ-বিধি (১) এর অধীন গঠিত কমিটি বিজ্ঞপ্তি মারফত প্রচার করিয়া নির্বাচনের একটি তফসিল ঘোষণা করিবে, যেখানে ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার, আপিল করার সুযোগ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনী প্রতীক বরাদ্দসহ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্দিষ্টভাবে উল্লেখ থাকিবে:

তবে শর্ত থাকে যে, বিজ্ঞপ্তি প্রকাশের অনধিক ১৫ (পনেরো) দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দানের সুযোগ প্রদান এবং প্রার্থিতা চূড়ান্ত হইবার পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করিতে হইবে।

(৪) নির্বাচন পরিচালনা কমিটি উক্ত বিজ্ঞপ্তির একটি কপি নির্বাহী পরিচালকের বরাবরে প্রেরণ করিবে।

(৫) উপ-বিধি (১) এর অধীন গঠিত কমিটির সদস্য ফেডারেশনের কোনো সদস্য হইলে তিনি নির্বাচনে প্রার্থী হইতে পারিবেন না এবং ভোট দেওয়ার সুযোগ থাকিবে না।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১৫

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি