RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৫৪ — নমিনি বা উত্তরাধিকারী মনোনয়ন

বিধি ২৫৪

নমিনি বা উত্তরাধিকারী মনোনয়ন

(১) প্রত্যেক সদস্য তাহার মৃত্যুর ক্ষেত্রে তহবিলে তাহার নামে জমা অর্থ গ্রহণের অধিকার প্রদান করিয়া ফরম-৪৮ অনুযায়ী তাহার নমিনি বা উত্তরাধিকারীর ছবিসহ মনোনয়ন প্রদান করিবেন।

(২) যেইক্ষেত্রে মনোনয়ন প্রদানের সময় সদস্যের পরিবার থাকে, সেইক্ষেত্রে পরিবারের এক বা একাধিক সদস্যকে মনোনয়ন প্রদান না করিলে উহা গৃহীত হইবে না।

(৩) সদস্য ইচ্ছা করিলে তাহার মনোনয়নপত্রে তাহার নামে জমা অর্থ তাহার মনোনীত ব্যক্তিদের মধ্যে তাহার ইচ্ছানুযায়ী আনুপাতিক হারে ভাগ করিয়া প্রদান করিতে পারিবেন।

(৪) মনোনীত কোনো ব্যক্তি যদি সদস্যের পূর্বেই মৃত্যু বরণ করেন সেইক্ষেত্রে উক্ত সদস্য নূতন মনোনয়ন প্রদান করিবেন।

(৫) সদস্য কর্তৃক প্রদত্ত মনোনয়ন সদস্যের নিকট হইতে প্রাপ্ত লিখিত নোটিশের ভিত্তিতে যে কোনো সময় পরিবর্তন করা যাইবে।

(৬) কোনো মনোনয়ন এবং উহার কোনো পরিবর্তন বোর্ড যে তারিখে প্রাপ্ত হইবে সেই তারিখ হইতে কার্যকর হইবে।

(৭) যদি কোনো শ্রমিক ভবিষ্য তহবিলের নমিনি মনোনয়ন না করিয়া মৃত্যুবরণ করেন তাহা হইলে অনধিক ১৫,০০০ (পনেরো হাজার) টাকা পর্যন্ত পাওনার ক্ষেত্রে ট্রাস্টি বোর্ডের সভাপতি ও সদস্য-সচিব সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে পরিবারের সদস্যদের মধ্যে যাহাকে উপযুক্ত মনে করিবেন তাহাকে পরিশোধ করিবেন:

তবে শর্ত থাকে যে, পরিবারের সদস্য নির্বাচনের ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কমিশনার বা কাউন্সিলর বা সদস্যের প্রত্যয়নপত্রের প্রয়োজন হইবে:

আরও শর্ত থাকে যে, ১৫,০০০ (পনেরো হাজার) টাকার অধিক পাওনার ক্ষেত্রে কোর্ট হইতে ইস্যুকৃত উত্তরাধিকার সনদের ভিত্তিতে প্রদেয় হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৩১

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি