বিধি ২৮২ — ভবিষ্য তহবিলে অর্থ পরিশোধ
ভবিষ্য তহবিলে অর্থ পরিশোধ
(১) যেইক্ষেত্রে কোনো সদস্যের নামে জমা অর্থ অথবা এই বিধিমালা অনুযায়ী কোনো কর্তনের পর অবশিষ্ট অর্থ প্রদেয় হয়, সেইক্ষেত্রে বোর্ড উক্ত সদস্যের হিসাবটি বন্ধ করিবে এবং যে ব্যক্তিকে অর্থ প্রদেয় হয় তাহাকে প্রদানের জন্য প্রদত্ত অর্থের পরিমাণ নির্দিষ্ট করিয়া একটি লিখিত নোটিশ প্রদান করিবে।
(২) প্রদেয় অর্থের কোনো অংশের ব্যাপারে যদি বিরোধ বা সন্দেহের সৃষ্টি হয়, সেইক্ষেত্রে বোর্ড যে অংশের ব্যাপারে কোনো বিরোধ বা সন্দেহ নাই সেই অংশ অবিলম্বে প্রদান করিবে এবং বিরোধীয় বিষয়টি যত শীঘ্র সম্ভব নিষ্পত্তি করিবে।
(৩) এই বিধিমালা অনুযায়ী অর্থ প্রদেয় হইতেছে এইরূপ ব্যক্তি যদি নাবালক বা উন্মাদ হইয়া থাকেন সেইক্ষেত্রে অভিভাবক ও ওয়ার্ড আইন, ১৮৯০ (১৮৯০ সনের ৮ নম্বর আইন) অনুযায়ী মানসিক রোগী বা অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির পক্ষে নিযুক্ত কোনো অভিভাবক অথবা মানসিক স্বাস্থ্য আইন, ২০১৮ (২০১৮ সনের ৬০ নং আইন) অনুযায়ী মানসিক রোগী বা অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির পক্ষে নিযুক্ত কোনো অভিভাবক বা ব্যবস্থাপককে উক্ত অর্থ প্রদান করিতে হইবে এবং যেইক্ষেত্রে অনুরূপ অভিভাবক বা ব্যবস্থাপক নিয়োগ করা হয় নাই সেইক্ষেত্রে নাবালক বা মানসিক রোগী বা অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির পক্ষে আইনানুসারে প্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিকে উক্ত অর্থ প্রদান করিতে হইবে।
(৪) এই বিধান অনুযায়ী অর্থ প্রাপ্তিতে আগ্রহী ব্যক্তিকে বোর্ডের নিকট লিখিত আবেদন করিতে হইবে এবং যে ব্যক্তিকে অর্থ প্রদেয় হইবে তাহার ইচ্ছানুযায়ী মানি অর্ডারযোগে বা নিবন্ধনকৃত ডাকযোগে প্রেরিত ক্রস চেকের মাধ্যমে অথবা প্রাপ্তি স্বীকারপূর্বক হাতে হাতে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে অর্থ প্রদান করা যাইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি