বিধি ৩১৫ — আইনের উপর প্রশিক্ষণ
আইনের উপর প্রশিক্ষণ
(১) কর্তৃপক্ষ, শ্রমিক কল্যাণ সমিতির কর্মকর্তা, অংশগ্রহণকারী কমিটির শ্রমিক পক্ষের প্রতিনিধি ও কারখানার মালিকপক্ষের কর্মকর্তাকে বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের উপর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ কোর্স পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবে।
(২) উপযুক্ত ব্যক্তি বা শিক্ষায়তন কর্তৃক আহুত হইলে শ্রমিক কল্যাণ সমিতির প্রতিনিধি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করিবেন।
(৩) অন্যূন ৫০ (পঞ্চাশ) জন শ্রমিক নিয়োগকারী কোনো প্রতিষ্ঠানের মালিক অথবা তৎকর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আহুত হইলে, উক্তরূপ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করিবেন।
(৪) প্রশিক্ষণ কোর্সের ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অনুপাতে কর্তৃপক্ষ এবং মালিক বহন করিবেন।
(৫) প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য ব্যয়িত সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে ব্যয়িত সময় বলিয়া গণ্য হইবে।
(৬) এই বিধিতে ‘উপযুক্ত ব্যক্তি বা শিক্ষায়তন’ বলিতে এই বিধির অধীন প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা পরিচালনার জন্য ইপিজেড কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত বা ইপিজেড কর্তৃপক্ষের নিকট হইতে অনুমোদনপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বুঝাইবে।
(৭) এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কোনো যৌথ দরকষাকষি প্রতিনিধি বা শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশন, নির্বাহী চেয়ারম্যানের অনুমোদনক্রমে, নির্দিষ্ট মেয়াদে শ্রমিক কল্যাণ সমিতির প্রতিনিধিগণের জন্য বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের উপর প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করিতে পারিবে এবং মালিকের অনুমতিক্রমে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কোনো ব্যক্তির ক্ষেত্রে উপ-বিধি (৫) এর বিধান প্রযোজ্য হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি