RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩১৬ — মহিলাদের প্রতি আচরণ

বিধি ৩১৬

মহিলাদের প্রতি আচরণ

(১) কোনো প্রতিষ্ঠানে মহিলা নিযুক্ত থাকিলে মহিলার শালীনতা, সম্ভ্রমের পরিপন্থী, যৌন হয়রানি, অসৌজন্যমূলক আচরণ, অশ্লীল বা অভদ্র আচরণ করা যাইবে না এবং উক্ত আচরণ বিধি ২৩(১) এর অধীন অসদাচরণ বলিয়া বিবেচিত হইবে।

(২) অশ্লীল বা অভদ্রজনোচিত আচরণ এবং যৌন হয়রানি বলিতে নিম্নবর্ণিত আচরণ অন্তর্ভুক্ত হইবে:

(ক) অনাকাঙ্খিত যৌন আচরণ ( যেমন শারীরিক স্পর্শ বা এই ধরনের প্রচেষ্টা);

(খ) প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষমতা ব্যবহার করে কারো সহিত যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা;

(গ) যৌন হয়রানি বা নিপীড়নমূলক উক্তি;

(ঘ) যৌন সুযোগ লাভের জন্য অবৈধ আবেদন;

(ঙ) পর্ণোগ্রাফি দেখানো;

(চ) যৌন আবেদনমূলক মন্তব্য বা ভঙ্গী;

(ছ) অশালীন ভঙ্গি, অশালীন ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্যক্ত করা বা অশালীন উদ্দেশ্য পূরণে কোনো ব্যক্তির অলক্ষ্যে তাহার নিকটবর্তী হওয়া বা অনুসরণ করা, যৌন ইঙ্গিতমূলক ভাষা ব্যবহার করিয়া ঠাট্টা বা উপহাস;

(জ) চিঠি, টেলিফোন, মোবাইল, এসএমএস, ছবি, নোটিশ, কার্টুন, চেয়ার-টেবিল, নোটিশ বোর্ড, অফিস বা অন্যান্য যে কোনো স্থানের দেয়ালে যৌন ইঙ্গিতমূলক অপমানজনক কোনো কিছু লিখিত আকারে প্রকাশ;

(ঝ) ব্ল্যাকমেইল অথবা চরিত্র হননের উদ্দেশ্যে স্থির বা ভিডিও চিত্র ধারণ;

(ঞ) সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ করিতে কোনোরূপ বাধার সৃষ্টি;

(ট) প্রেম নিবেদন করিয়া প্রত্যাখ্যাত হইয়া হুমকি বা চাপ প্রয়োগ; এবং

(ঠ) ভয় দেখাইয়া বা মিথ্যা আশ্বাস দিয়া বা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন বা স্থাপনের চেষ্টা।

(৩) প্রতিটি প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে যেখানে কোনো মহিলা বা নারী কর্মী কর্মরত থাকেন, সেখানে সংখ্যাগরিষ্ঠ নারী সদস্য সমন্বয়ে অন্যূন ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে একটি অভিযোগ কমিটি গঠন করিতে হইবে এবং অভিযোগ কমিটির প্রধান হইবেন একজন নারী।

(৪) কারখানা ব্যবস্থাপনা যৌন হয়রানি প্রতিরোধে গাইডলাইন তৈরিসহ উহা সকল কর্মীদের সরবরাহ করিবে এবং প্রতিটি কর্মক্ষেত্রে ১ (এক) টি করিয়া অভিযোগ বাক্স থাকিবে এবং উপ-বিধি

(৩) এর অধীন গঠিত কমিটি প্রাপ্ত অভিযোগসমূহ নিয়মিত রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া নিষ্পত্তি করিবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৫৬

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৮৯

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি