বিধি ৩৯ — ভবনের অভ্যন্তরীণ মেঝে, সিঁড়ি এবং যাতায়াত পথ
ভবনের অভ্যন্তরীণ মেঝে, সিঁড়ি এবং যাতায়াত পথ
আইনের ধারা ৩৫(২)(ক) এর বিধান অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে নিম্নরূপ ব্যবস্থা থাকিতে হইবে, যথা:
(ক) সকল মেঝে, সিঁড়ি, চলাচল পথ মজবুতভাবে নির্মাণ ও যথাযথভাবে সংরক্ষণ এবং প্রয়োজন হইলে উহাদের নিরাপত্তা নিশ্চিত করিবার জন্য মজবুত রেলিং এর ব্যবস্থা করিতে হইবে এবং কর্মকালীন নির্বিঘ্নে চলাচলের জন্য পথ ও সিঁড়ি উন্মুক্ত রাখিতে হইবে;
(খ) যেই স্থানে কোনো সময় কোনো ব্যক্তিকে কাজ করিতে হয় সেই স্থানে যাতায়াতের জন্য যতদূর সম্ভব নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করিতে হইবে;
(গ) কর্মস্থলের চলাচলের পথ ও সিঁড়ি পরিচ্ছন্ন, প্রশস্ত ও প্রতিবন্ধকতাহীন হইতে হইবে;
(ঘ) মালিক কারখানা ও শ্রমিকের সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্মস্থলের চলাচলের পথ, সিঁড়ি, গেইট, গুদাম ও সাধারণ ব্যবহারের স্থান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনিতে পারিবে;
(ঙ) যাতায়াত ও বহির্গমনের পথ অবশ্যই অন্ধকারে বা ধোঁয়াচ্ছন্ন পরিবেশে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ রং দ্বারা তীর চিহ্নসহ চিহ্নিত থাকিতে হইবে; এবং
(চ) প্রতিটি সিঁড়ি, বহির্গমনের পথ ও জরুরি বহির্গমনের পথে অবশ্যই ব্যাটারি চালিত ফগ লাইট বা জরুরি বাতির ব্যবস্থা থাকিতে হইবে যাহা বিদ্যুৎ না থাকিলেও জ্বলিবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি