বিধি ৪০ — কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদির ব্যবহার, সংরক্ষণ এবং বহনের ক্ষেত্রে নিরাপত্তা বিধান
মূল গেজেট: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, গেজেট ৪ অক্টোবর ২০২২ · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৮ নভেম্বর ২০২৬
কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদির ব্যবহার, সংরক্ষণ এবং বহনের ক্ষেত্রে নিরাপত্তা বিধান
(১) আইনের ধারা ৩৫(২)(খ) এর বিধান অনুযায়ী কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদির ব্যবহার, সংরক্ষণ এবং বহনের ক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, যথা:
(ক) ভারী দ্রব্য, পদার্থ, ইত্যাদি উত্তোলনের সময় অন্য ব্যক্তির সাহায্য বা প্রযুক্তির (যেমন-বস্তা বহনের ট্রলি, ওয়াগন, লিফট, ক্রেন, ফর্ক লিফট, ট্রান্সপোর্ট বেল্ট, ইত্যাদি) ব্যবস্থা করা;
(খ) ভারী ওজনের কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদি ছোট ব্যাগ আকারে বহন করিয়া ওজন হ্রাসের ব্যবস্থা করা;
(গ) ভারী কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদি উত্তোলনের সময় শারীরিক অসামঞ্জস্যতা এড়িয়ে চলিবার ব্যবস্থা করা ( যেমন- পিঠ সামনে ঝুঁকিয়া যাওয়া, কোমড় মোচড়ানো অবস্থা, অসামঞ্জস্য অবস্থায় পিঠের উপর চাপ প্রদান, হাত ঘাড়ের উপর তোলা, ইত্যাদি);
(ঘ) গর্ভবতী মহিলা শ্রমিক বা প্রতিবন্ধী শ্রমিক দ্বারা ভারী কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদি উত্তোলন না করা; এবং
(ঙ) ভারী বস্তু যেই স্থানে উত্তোলন করা হইবে সেই স্থানে বাঁধাহীন এবং পৃষ্ঠতল বা উপরিভাগ সমতল ও দৃঢ় করিবার ব্যবস্থা করা।
(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে শ্রমিকের সকল সুবিধা নিশ্চিত করিবার লক্ষ্যে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ করিবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৮ নভেম্বর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)