RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৪৯ — পান করিবার পানি

বিধি ৪৯

পান করিবার পানি

(১) আইনের ধারা ৩৫(২)(ঝ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রতিটি প্রতিষ্ঠানে সকল শ্রমিকের জন্য কোনো সুবিধাজনক স্থানে পান করিবার জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখিতে হইবে এবং উহা স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করিতে হইবে এবং পান করিবার পানি সংরক্ষণের স্থানটি কোনো প্রতিষ্ঠানে কোনো ধৌতাগার, প্রক্ষালন কক্ষ অথবা শৌচাগার হইতে অন্যূন ৬ (ছয়) মিটার দূরত্বে স্থাপন করিতে হইবে।

(২) উপ-বিধি (১) অনুযায়ী সরবরাহকৃত পানি

(ক) জীবাণুমুক্ত উপযুক্ত পাত্রে রাখিতে হইবে;

(খ) প্রতিদিন কমপক্ষে একবার পরিবর্তন করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, আধুনিক পানি পরিশোধন প্রক্রিয়া ব্যবহৃত হইলে উহার নিয়মাবলি অনুযায়ী পানি পরিবর্তন বা পানির বিশুদ্ধতা রক্ষণাবেক্ষণ করিতে হইবে।

(গ) সকল প্রকার জীবানু সংক্রমণ হইতে মুক্ত রাখিবার এবং বিশুদ্ধ পানি সরবরাহের যথাযথ পদক্ষেপ গ্রহণ করিতে হইবে:

(৩) প্রত্যেক পানি সরবরাহের স্থানকে বাংলায় ‘পান করার পানি’ শব্দগুলি স্পষ্টভাবে লিখিয়া চিহ্নিত করিতে হইবে।

(৪) যেই স্থানে শ্রমিকের পান করিবার পানি সরবরাহ করা হয় উহার নিকটবর্তী স্থানে প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় এবং নালা সংযুক্ত রাখিতে হইবে।

(৫) সরবরাহকৃত ভূগর্ভস্থ পানি বা অন্য কোনোভাবে সরবরাহকৃত পানি বা টিউবওয়েলের পানি ব্যবহারের ক্ষেত্রে উহা আর্সেনিক, জীবানুমুক্ত ও খাবার উপযুক্ত কিনা উহা অন্তত প্রতি বৎসরে ৪ (চার) বার পরিদর্শক কর্তৃক নির্দেশিত হইলে জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ বা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠানের নিকট হইতে মালিককে পরীক্ষণ প্রতিবেদন সংগ্রহ ও সংরক্ষণ করিতে হইবে।

(৬) যেই প্রতিষ্ঠানে সাধারণত ২৫০ (দুইশত পঞ্চাশ) জনের অধিক শ্রমিক কাজ করে সেই প্রতিষ্ঠানে প্রতি বৎসর ১ এপ্রিল হইতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিকের ক্যান্টিন এবং খাবার কক্ষে পান করিবার জন্য পানি ঠান্ডাকরণ যন্ত্র অথবা অন্য কোনো পদ্ধতিতে ঠান্ডা করিয়া সরবরাহ করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, সরবরাহকৃত খাবার পানি পান যোগ্য স্বাভাবিক তাপমাত্রায় থাকিলে পানি ঠান্ডা করিবার প্রয়োজন হইবে না।

(৭) প্রতিষ্ঠানের ব্যবহৃত কোনো যন্ত্রের কারণে সহনীয় মাত্রার অতিরিক্ত তাপ উৎপন্ন হয় হইলে উক্ত যন্ত্রের সন্নিকটে কর্মরত প্রত্যেক শ্রমিকের জন্য পর্যাপ্ত খাবার স্যালাইন অথবা গুড় বা চিনির শরবত সরবরাহ করিতে হইবে এবং এই গুড় বা চিনি মিশ্রিত শরবতের পরিমাণ প্রতি শ্রমিকের জন্য দৈনিক ন্যূনতম ২ (দুই) লিটার হইতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৩৭

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি