বিধি ৫৭ — ধৌতকরণ সুবিধা
ধৌতকরণ সুবিধা
(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের ব্যবহারের জন্য পর্যাপ্ত ও যথোপযুক্ত গোসলখানা বা স্নানাগার ও ধৌতকরণ সুবিধার ব্যবস্থা থাকিবে এবং উহা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত ধৌতকরণ সুবিধার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাবান, পেস্ট, তরল সাবান, শ্যাম্পু, জীবাণুনাশক, প্রযোজ্য ক্ষেত্রে নখের ব্রাশ বা নখ পরিষ্কার করিবার অন্যান্য উপযুক্ত ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকিবে এবং এই সকল সুবিধা সহজলভ্য, পরিচ্ছন্ন এবং সুবিন্যস্তভাবে রাখিতে হইবে।
(৩) উপ-বিধি (১) অনুযায়ী গোসলখানা বলিতে নিম্নরূপ ব্যবস্থাকে বুঝাইবে, যথা:
(ক) যেই কর্মপ্রক্রিয়ার কারণে তাৎক্ষণিকভাবে শ্রমিকের সম্পূর্ণ শরীর ধৌতকরণের আবশ্যকতা রহিয়াছে এবং না করিলে নিজের স্বাস্থ্য হানি এবং অন্যদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হইবার আশঙ্কা রহিয়াছে সেই ধরনের কর্মপ্রক্রিয়ার কর্মক্ষেত্রে মহিলা ও পুরুষদের জন্য পৃথকভাবে প্রথম ২৫ (পঁচিশ) জনের জন্য কমপক্ষে ২ (দুই) টি ও পরবর্তী প্রতি ৫০ (পঞ্চাশ) জনের জন্য ১ (এক) টি করিয়া গোসলখানা থাকিবে:
(খ) দফা (ক) বিধানের ক্ষুত্ন না করিয়া নিম্নরূপ বিষয়সমূহ গোসলখানা সুবিধার অন্তর্ভুক্ত থাকিবে, যথা: (অ) অন্যূন ০.৬০ মিটার পর ট্যাপ বা জেটযুক্ত ট্রাফ; (আ) ট্যাপযুক্ত ওয়াশ বেসিন; (ই) খাড়া নলের উপর ট্যাপ; এবং (ঈ) ট্যাপ নিয়ন্ত্রিত ঝরনা;
তবে শর্ত থাকে যে, পরিদর্শক শ্রমিকের প্রয়োজন এবং অভ্যাস বিবেচনা করিয়া উপরিউক্ত সুবিধার যৌক্তিক অনুপাত বা হার নির্ধারণ করিতে পারিবেন।
(৪) প্রত্যেকটি বেসিনের উপরিভাগ অভেদ্য এবং মসৃণ হইতে হইবে এবং উহাতে অপরিচ্ছন্ন পানি বাহির হইবার পাইপ ও ফ্লাস সংযুক্ত থাকিবে।
(৫) প্রত্যেক ট্যাপ, ওয়াশ-বেসিন, খাড়া নল এবং ঝরনা সংবলিত স্থানের মেঝের আয়তন বা পরিপার্শ্ব এইরূপভাবে স্থাপন করিতে হইবে যাহাতে উহা মসৃণ অভেদ্য উপরিভাগ বিশিষ্ট হয় এবং পর্যাপ্ত পানি নিষ্কাশিত হয়।
(৬) যেই সকল প্রতিষ্ঠানে শ্রমিককে কাজের কারণে ক্ষতিকর বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসিতে হয় সেই সকল শ্রমিকের ব্যবহারের উদ্দেশ্যে প্রতি ১৫ (পনেরো) জন শ্রমিকের জন্য একটি করিয়া ট্যাপ স্থাপন করিতে হইবে এবং মালিক, প্রয়োজনে চোখ ধৌতকরণ স্টেশন স্থাপন করিবেন।
(৭) কোনো কারখানা বা প্রতিষ্ঠানে মহিলা শ্রমিক নিযুক্ত থাকিলে তাহাদের জন্য পৃথক গোসলখানা-স্নানাগার-হাম্মামখানার ব্যবস্থা থাকিতে হইবে এবং ধৌতকরণ সুবিধা এইরূপে ঘেরাও বা পর্দা দ্বারা আবদ্ধ রাখিতে হইবে যাহাতে পুরুষ শ্রমিকরা যেই স্থানে কাজ বা যাতায়াত করেন সেই স্থান হইতে উক্ত গোসলখানা গোচরিভূত না হয়।
(৮) মহিলাদের ধৌতকরণ সুবিধার প্রবেশ পথে বোধগম্য ভাষায় ‘কেবল মহিলাদের জন্য’ শব্দসমূহ উল্লেখ করিয়া স্পষ্ট নোটিশ থাকিতে হইবে এবং উহা মহিলা নকশা সংবলিত ছবি দ্বারা চিহ্নিত করিতে হইবে।
(৯) প্রতিষ্ঠানে প্রতিদিন গোসল উপযোগী প্রতিজন ব্যক্তির জন্য কমপক্ষে ৮ (আট) লিটার পানি সরবরাহ করিবার ব্যবস্থা রাখিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি