বিধি ৬৭ — পরিষ্কার পরিচ্ছন্নতা
পরিষ্কার পরিচ্ছন্নতা
আইনের ধারা ৩৫(৩)(খ) এর উদ্দেশ্যপূরণকল্পে
(ক) প্রত্যেক প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন এবং কোনো নর্দমা, মলমূত্র বা অন্য কোনো জঞ্জাল সৃষ্ট দূষণ মুক্ত রাখিতে হইবে;
(খ) প্রতিষ্ঠানের মেঝে, কর্মকক্ষ, সিঁড়ি, যাতায়াতের পথ প্রতিদিন ঝাড়ু দিয়া ময়লা ও আবর্জনা ঢাকনা দেওয়া বাক্সে অপসারণ করিতে হইবে যাহাতে উক্ত আবর্জনা হইতে দুর্গন্ধ বা জীবাণু বিস্তার লাভ না করিতে পারে;
(গ) প্রতিষ্ঠানের ধাতব পদার্থ, উৎকট গন্ধময় আবর্জনা, রাসায়নিক আবর্জনা ও মেডিকেল আবর্জনা পৃথক বাক্সে প্রতিদিন নিয়মিত অপসারণ করিতে হইবে;
(ঘ) প্রত্যেক কর্মকক্ষের মেঝে সপ্তাহে অন্তত একদিন ধৌত করিতে হইবে এবং অবস্থা ও কাজের প্রকৃতি অনুযায়ী উহা পানি বা ভিজা কাপড় দ্বারা মোছা অথবা রাসায়নিক পদার্থ, তরল বা সলিউশন দ্বারা ধৌত করিতে হইবে;
(ঙ) যেইক্ষেত্রে কোনো উৎপাদন প্রক্রিয়ার কারণে কোনো মেঝে এইরূপে ভিজিয়া যায় যে, উহার জন্য পানি নিষ্কাশনের প্রয়োজন হয়, সেইক্ষেত্রে পানি নিষ্কাশনের জন্য উক্ত মেঝে অবশ্যই অভেদ্য পদার্থ দ্বারা নির্মিত হইতে হইবে এবং উক্ত মেঝের নির্মাণ কৌশল ঢালু বিশিষ্ট এবং উপযুক্ত নিষ্কাশন নালার মাধ্যমে কারখানার মূল নর্দমা ব্যবস্থার সহিত সংযুক্ত থাকিতে হইবে যাহাতে নিষ্কাশিত পানি অথবা কোনো তরল পদার্থ মেঝেতে জমিয়া থাকিতে না পারে।
(চ) প্রতিষ্ঠানের সকল অভ্যন্তরীণ দেয়াল, পার্টিশন, ছাদ, সিঁড়ি, যাতায়াত পথ রং বা বার্নিশ করা থাকিলে প্রতি ৩ (তিন) বৎসরে অন্তত একবার পুনরায় রং বা বার্নিশ করিতে হইবে;
(ছ) প্রতিষ্ঠানের সকল অভ্যন্তরীণ দেয়াল, পার্টিশন, ছাদ, সিঁড়ি ও যাতায়াত পথ রং বা বার্নিশ করা থাকিলে এবং বর্হিঃভাগ মসৃণ হইলে প্রতি ১৪ (চৌদ্দ) মাসে অন্তত একবার উহা পানি, ব্রাশ ও ডিটারজেন্ট দ্বারা ঘষিয়া পরিষ্কার করিতে হইবে এবং অন্যান্য ক্ষেত্রে প্রতি ১৪ (চৌদ্দ) মাসে অন্তত একবার চুনকাম বা রং করিতে হইবে;
(জ) কারখানার অভ্যন্তরে এবং বাহিরের গ্রিন স্পেস, ড্রেন ও সংলগ্ন রাস্তার অর্ধেক পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিতে হইবে এবং জোনের সীমানা প্রাচীরের সংলগ্ন কারখানার ক্ষেত্রে উক্ত সীমানা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিতে হইবে; এবং
(ঝ) দফা (চ) ও (ছ) তে উল্লিখিত বিষয় ফরম-২৫ অনুযায়ী রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া সংরক্ষণ করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি