বিধি ৭২ — অতিরিক্ত ভিড়
অতিরিক্ত ভিড়
(১) আইনের ধারা ৩৫(৩)(খ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকক্ষে উহাতে কর্মরত শ্রমিকের স্বাস্থ্যহানি হইতে পারে এইরূপ অতিরিক্ত শ্রমিকের ভিড় করা যাইবে না।
(২) উপবিধি (১) এর বিধান অনুসরণপূর্বক প্রত্যেক কর্মকক্ষে কর্মরত প্রত্যেক শ্রমিকের জন্য অন্তত ৯.৫ কিউবিক মিটার পরিমাণ জায়গার ব্যবস্থা করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, কোনো কক্ষের উচ্চতা মেঝে হইতে ৪.২৫ মিটারের অধিক হইলে ইহা বিবেচনায় গ্রহণ করিতে হইবে না।
(৩) অতিরিক্ত মহাপরিদর্শক লিখিত আদেশ দ্বারা কোনো মালিককে অনুরোধ করিলে উক্ত মালিক তাহার কোনো প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকক্ষে এই বিধি অনুযায়ী সর্বোচ্চ কতজন লোক কাজ করিতে পারিবেন তৎসম্পর্কে তাহাকে একটি নোটিশ টাঙ্গাইতে হইবে।
(৪) অতিরিক্ত মহাপরিদর্শক বিশেষ ক্ষেত্রে লিখিত আদেশ দ্বারা কোনো প্রতিষ্ঠানের কর্মকক্ষের ক্ষেত্রে এই বিধির বিধান অব্যাহতি করিতে পারিবেন যদি তিনি এই মর্মে সন্তুষ্ট হন যে উহাতে কর্মরত শ্রমিকের স্বাস্থ্যের প্রয়োজনে এই বিধান অনুসরণের প্রয়োজন নাই।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি