বিধি ৯১ — দুর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান
দুর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান
(১) আইনের ধারা ৩৫(৩)(ঘ) এর বিধান অনুযায়ী যদি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনা ঘটে যাহাতে প্রাণহানি বা শারীরিক জখম হয় অথবা যদি কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, প্রজ্বলন, অগ্নিকাণ্ড, সবেগে পানি প্রবেশ বা অনুরূপ দুর্ঘটনা ঘটে তাহা হইলে মালিক পরিদর্শককে পরবর্তী ২ (দুই) কর্ম দিবসের মধ্যে তৎসম্পর্কে নোটিশ মারফত অবহিত করিবেন:
তবে শর্ত থাকে যে, উল্লিখিত ঘটনা সংঘটিত হইবার সঙ্গে সঙ্গে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি হ্রাস করা বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনিবার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম আরম্ভের জন্য কারখানা ব্যবস্থাপনা তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শক, ফায়ার সার্ভিস, ইপিজেড চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল এবং প্রয়োজনে নিকটবর্তী হাসপাতাল বা সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে ফোন, মোবাইল ফোন, ক্ষুদে বার্তা (এসএমএস) অথবা ফ্যাক্সের মাধ্যমে অবহিত করিবে।
(২) কোনো প্রতিষ্ঠানে যদি কোনো ব্যক্তি দুর্ঘটনায় পতিত হয় যাহার ফলে তাহার মৃত্যু ঘটে অথবা অনুরূপ কোনো দুর্ঘটনার কারণে পরবর্তী ২০ (বিশ) দিনের মধ্যে প্রতিষ্ঠানে তাহার কাজে যোগদানের কোনো যুক্তিসঙ্গত সম্ভাবনা না থাকে, তবে অনুরূপ দুর্ঘটনাকে ক্ষেত্রানুসারে মারাত্মক বা গুরুতর বলিয়া অভিহিত করা হইবে এবং প্রতিষ্ঠান বা কারখানা ব্যবস্থাপনাকে উক্ত ঘটনা সংঘটিত হইবার সঙ্গে সঙ্গে ২ (দুই) দিনের মধ্যে ফ্যাক্স, ই-মেইল, অন্য কোনো আধুনিক পদ্ধতিতে অথবা বিশেষ বার্তাবাহক দ্বারা ফরম-৩২ অনুযায়ী নিম্নবর্ণিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোটিশ প্রদান করিতে হইবে, যথা:
(ক) সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা প্রতিনিধি;
(খ) নিকটবর্তী ফায়ার স্টেশন;
(গ) ইপিজেড চিকিৎসা কেন্দ্র/হাসপাতাল বা সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান; এবং
(ঘ) মৃত্যু ও মারাত্মক দুর্ঘটনার ক্ষেত্রে, প্রতিষ্ঠানটি যে থানা এলাকায় অবস্থিত সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা শিল্প পুলিশ।
(৩) দুর্ঘটনা ঘটিবার তারিখ হইতে ২ (দুই) মাসের মধ্যে বা শ্রমিক কাজে যোগদানের পর প্রতিষ্ঠানের মালিক বা তাহার প্রাধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রযোজ্য ক্ষেত্রে ফরম-৩৩ অনুযায়ী উক্ত দুর্ঘটনার সর্বশেষ অবস্থা বর্ণনা করিয়া একটি চূড়ান্ত রিপোর্ট অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট প্রেরণ করিবেন।
(৪) যেইক্ষেত্রে উপ-বিধি (১) এ উল্লিখিত কোনো দুর্ঘটনায় শারীরিক জখম হইবার কারণে উহা কোনো আহত শ্রমিককে ৪৮ (আট চল্লিশ) ঘন্টার অধিক সময় পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিতে বাধ্য করে সেইক্ষেত্রে ফরম-৩৫ অনুযায়ী রেজিস্টারে ইহা লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি