RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি১০

পূর্তকর্ম করিবার কারণে উন্তৃত ক্ষতিপূরণ

দ্বিতীয় অধ্যায়: পূর্তকর্ম, ইত্যাদি

(১) লাইসেন্সি পূর্তকর্ম সম্পাদনকালে বা বৈদ্যুতিক টাওয়ার নির্মাণকালে ফসল, গাছপালা, জমি বা অবকাঠামোর যতদুর সম্ভব কম ক্ষতি, অনিষ্ট এবং অসুবিধা সৃষ্টি করিবে এবং তদ্‌কর্তৃক কোনো ক্ষতি, অনিষ্ট বা অসুবিধার জন্য ক্ষতিপূরণ প্রদান করিবে।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, পূর্তকর্ম সম্পাদনকালে বা বৈদ্যুতিক টাওয়ার নির্মাণকালে লাইসেন্সি কর্তৃক কোনো অস্থাবর সম্পত্তির ক্ষতি সাধিত হইলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রচলিত বাজার মূল্যে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে।

(৩) উপ-বিধি (২) এর অধীন ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে পাকা অবকাঠামো হইলে গণপূর্ত অধিদপ্তর, ফসলের ক্ষেত্রে কৃষি বিভাগ এবং গাছপালার ক্ষতি সাধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বন বিভাগ হইতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ নির্ধারণ করিবে।

(৪) লাইসেন্সি কর্তৃক বৈদ্যুতিক টাওয়ার নির্মাণকালে ব্যক্তি মালিকানাধীন ভূমি ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট মালিককে প্রচলিত বাজার মূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে।

(৫) বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের ক্ষেত্রে হাটবাজার, ঘনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গন একান্ত আবশ্যক না হইলে পরিহার করিতে হইবে।

(৬) বৈদ্যুতিক টাওয়ার নির্মাণসহ অন্যান্য কাজে ব্যবহৃত ভূমি নির্মাণ কাজ সম্পাদন শেষে বৈদ্যুতিক টাওয়ার বা বৈদ্যুতিক স্থাপনার কোনোরূপ ক্ষতি সাধন না করিয়া সংশ্লিষ্ট ভূমির মালিক ব্যবহার করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, যদি লাইসেন্সির নিকট এই মর্মে প্রতীয়মান হয় যে, উক্ত ভূমির ব্যবহার বৈদ্যুতিক টাওয়ার বা বৈদ্যুতিক স্থাপনার জন্য অসুবিধা বা হুমকি সৃষ্টি করিতেছে, তাহা হইলে লাইসেন্সি ভূমির মালিককে তাৎক্ষণিকভাবে উক্ত ভূমির ব্যবহার হইতে বিরত রাখিতে পারিবে।

(৭) ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে কোনো মতপার্থক্য বা বিরোধের উদ্ভব হইলে আইনের ধারা ৫৩ এর বিধান অনুসারে উহা নিষ্পত্তি হইবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩২ (PDF-এর পৃষ্ঠা ৮)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত বিদ্যুৎ আইনের ধারা: ধারা ৫৩