লিকেজ সম্পর্কে পরিদর্শকের নিকট আবেদন
(১) বিধি ২১ ও ২২ এর অধীনে লাইসেন্সি কোনো আবেদনকারী বা গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে অস্বীকার করিলে বা সংযোগ বন্ধ করিলে বা তাহার সিস্টেমে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে বিলম্ব করিলে, সংশ্লিষ্ট ব্যক্তি সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট এতদবিষয়ে আবেদন করিতে পারিবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন আবেদন করা হইলে পরিদর্শক তফসিল-১ এ উল্লিখিত ফি গ্রহণপূর্বক আবেদনকারী বা গ্রাহকের যন্ত্রপাতি অথবা বিদ্যুৎ সিস্টেমের মধ্যে কোনো লিকেজ আছে কিনা তাহা পরীক্ষা করিবার ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।
(৩) উপ-বিধি (২) এর অধীন পরীক্ষা আবেদনপত্র প্রাপ্তির ৪৮ (আটচল্লিশ) ঘণ্টা বা ফি প্রদানের মধ্যে যেটি পরে হয়, সে আলোকে সম্পাদন করিবেন।
(৪) যদি পরিদর্শক পরীক্ষা করিয়া দেখিতে পান যে, আবেদনকারী কর্তৃক সর্বোচ্চ বিতরণ চাহিদার ৫ (পাঁচ) হাজার ভাগের একভাগের কম বিদ্যুৎ আবেদনকারীর সিস্টেম হইতে লিকেজ হইতেছে, তাহা হইলে পরিদর্শক লাইসেন্সিকে ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ করিতে বা বিদ্যুৎ সরবরাহ চালু করিতে নোটিশ প্রদান করিবেন।
(৫) উপ-বিধি (৪) এর অধীন বিদ্যুৎ সংযোগের নির্দেশ প্রদান করা হইলে, কোনো গ্রাহক বা আবেদনকারীর যে খরচ হইয়াছে উহা ফেরত প্রদানের জন্য পরিদর্শক লাইসেন্সিকে নির্দেশ দিতে পারিবেন।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৮ (PDF-এর পৃষ্ঠা ১৪)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)