বিশেষ ক্ষমতা
(১) বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, সরবরাহ ও বিতরণ কাজের সহিত সংশ্লিষ্ট যে কোনো স্থাপনায় জরুরি অবস্থার উদ্ভব ঘটিলে, সরকার কমিশনকে অবহিতকরণপূর্বক লাইসেন্সির লাইসেন্স স্থগিত করিয়া সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, সরবরাহ ও বিতরণ কাজের সহিত সংশ্লিষ্ট যে কোনো স্থাপনার দখল গ্রহণসহ উহার সম্পদ, স্বার্থ ও অধিকার এবং ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করিতে পারিবে এবং স্থাপনাটি সচল রাখিবার জন্য অন্য কোনো কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের নিকট উহা ন্যস্ত করিবে।
(২) জরুরি অবস্থা প্রত্যাহারের পর লাইসেন্সি উহার লাইসেন্স প্রত্যর্পণের জন্য কমিশনকে অনুরোধ করিতে পারিবে এবং কমিশন সংশ্লিষ্ট স্থাপনার দখল লাইসেন্সিকে বুঝাইয়া দিবার জন্য উপ-বিধি (১) এর অধীন উক্ত স্থাপনার সাময়িক দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করিতে পারিবে।
(৩) জরুরি অবস্থায় দখল গ্রহণের ফলে যথোপযুক্ত পদ্ধতিতে স্থাপনাটির আর্থিক অভিঘাত নিরূপণ করিবে এবং প্রত্যর্পণের পর উহা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করিবে।
(৪) উপ-বিধি (৩) এর অধীন আর্থিক অভিঘাত নিরূপণে লাইসেন্সির কোনো আপত্তি থাকিলে আইনের ধারা ৫৩ এর বিধান অনুসারে উহা নিষ্পত্তি হইবে।
ব্যাখ্যা।—এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে, “জরুরি অবস্থা” অর্থ দৈব দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বা অন্যবিধ যেকোনো অবস্থা যাহাতে জনস্বার্থ বিঘ্নিত হয় এবং যাহার ফলে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ ব্যবস্থায় হুমকির সৃষ্টি হয় বা বিদ্যুৎ সেবা বিপর্যস্ত হইয়া পড়ে এবং কোনো বিদ্যুৎ স্থাপনায় সৃষ্ট অস্থিরতা, ধর্মঘট, লক-আউট কার্যক্রমও ইহার অন্তর্ভূক্ত হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৫৩ (PDF-এর পৃষ্ঠা ২৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত বিদ্যুৎ আইনের ধারা: ধারা ৫৩