বিদ্যুৎ পুনঃসংযোগ
(১) লাইসেন্সি কর্তৃক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হইলে নিম্নবর্ণিত ক্ষেত্রে বিদ্যুৎ পুনঃসংযোগ করা যাইবে, যথা :—
(ক) যদি গ্রাহক পরিশোধযোগ্য বকেয়া বিল পরিশোধ করেন;
(খ) যদি গ্রাহক ত্রুটিগুলির সংশোধনপূর্বক পূর্বাবস্থায় আনয়ন করেন;
(গ) যদি গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও পুনঃসংযোগ করিবার জন্য উদ্ভূত ব্যয় পরিশোধ করেন; এবং
(ঘ) জামানত প্রদান করেন।
(২) বিদ্যুৎ বিচ্ছিন্ন করিবার ৩ (তিন) দিনের মধ্যে কোনো গ্রাহক কোনো মামলা দায়েরকালে লাইসেন্সি কর্তৃক নিরূপিত অর্থ এবং অন্যবিধ চার্জ বা দায়, আদালতে জমা প্রদান করিলে, আদালত লাইসেন্সিকে বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদানের জন্য আদেশ দিতে পারিবেন :
তবে শর্ত থাকে যে, এইক্ষেত্রে লাইসেন্সিকে একটি অঙ্গীকারনামা দিতে হইবে যে, মামলার রায় যদি তাহার বিপক্ষে যায়, তাহা হইলে লাইসেন্সি আদালত কর্তৃক নির্ধারিত যুক্তিসঙ্গত মামলার খরচসহ জমাকৃত অর্থ ফেরত প্রদান করিবে।
(৩) কোনো খেলাপি গ্রাহক সমুদয় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করিয়া তাহার স্থাপনায় অথবা লাইসেন্সির অধীন অন্য কোনো স্থাপনায় নূতন কোনো বিদ্যুৎ সংযোগ গ্রহণ করিতে পারিবেন না।
(৪) কোনো গ্রাহক অন্যূন ৩ (তিন) মাসের মধ্যে বিদ্যুৎ পুনঃসংযোগ নিতে ব্যর্থ হইলে তাহার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন বলিয়া গণ্য হইবে।
(৫) বিদ্যুৎ বিল বকেয়া রাখিয়া কোনো গ্রাহক মৃত্যুবরণ করিলে অথবা তাঁহার স্থাপনা হস্তান্তর করিলে উক্ত গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল তাহার বৈধ উত্তরাধিকারী অথবা হস্তান্তরগ্রহীতা বা তাহার উত্তরাধিকারীগণের নিকট হইতে আদায়যোগ্য হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৬ (PDF-এর পৃষ্ঠা ১২)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)