বিদ্যুৎ বিল সংক্রান্ত আপত্তি নিষ্পত্তির পদ্ধতি
(১) কোনো গ্রাহক বৈদ্যুতিক মিটার যথাযথভাবে সংরক্ষণ না করিলে বা বিদ্যুৎ বিল বা চার্জ পরিশোধে ব্যর্থ হইলে, লাইসেন্সি উক্ত গ্রাহককে অন্যূন ১০ (দশ) দিনের লিখিত নোটিশ প্রদান অথবা লিখিত নোটিশের পরিবর্তে গ্রাহকপ্রান্তে সরবরাহকৃত বিদ্যুৎ বিলের কপিতে স্পষ্টভাবে সংযোগ বিচ্ছিন্নের সময়সীমা উল্লেখ করিবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত সময়সীমার মধ্যে কোনো গ্রাহক নোটিশে বা বিদ্যুৎ বিলের কপিতে দাবীকৃত অর্থ পরিশোধ করিবেন।
(৩) বিদ্যুৎ বিলে কোনো আপত্তি থাকিলে পূর্বের ১২ (বার) মাসের বিল গড় করিয়া অথবা গ্রাহকের লোড বিবেচনায় আপত্তিকৃত বিল সংশোধনপূর্বক দাবীকৃত বিলের অন্যূন ১০ (দশ) শতাংশ অর্থ জমা প্রদানপূর্বক গ্রাহক বিতরণ লাইসেন্সির স্থানীয় কর্মকর্তার উর্ধতন কর্মকর্তার নিকট অন্যূন ১০ (দশ) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আপত্তি দাখিল করিতে পারিবেন।
(৪) উপ-বিধি (৩) এর অধীন দাখিলকৃত আপত্তি উক্ত কর্মকর্তা অন্যূন ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করিবেন।
(৫) উপ-বিধি (৩) এ উল্লিখিত কর্মকর্তার সিদ্ধান্তে গ্রাহক সংক্ষুব্ধ হইলে অন্যূন ১০ (দশ) কার্যদিবসের মধ্যে উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে বিতরণ লাইসেন্সির প্রধান নির্বাহীর নিকট আপত্তি দাখিল করিতে পারিবেন।
(৬) প্রধান নির্বাহী উপ-বিধি (৫) এর অধীন দাখিলকৃত আপত্তি প্রাপ্তির অন্যূন ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে উহা নিষ্পত্তি করিবেন।
(৭) উপ-বিধি (৬) এর অধীন প্রদত্ত আদেশে যদি গ্রাহক সন্তুষ্ট না হন, অথবা অন্যূন ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে দাখিলকৃত আপত্তি নিষ্পত্তি না হয়, তাহা হইলে পরবর্তী ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে উক্ত গ্রাহক কমিশনে আপিল দায়ের করিতে পারিবেন এবং কমিশনের সিদ্ধান্ত চুড়ান্ত বলিয়া গণ্য হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৪ (PDF-এর পৃষ্ঠা ১০)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)