RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৬

ভূগর্ভস্থ নর্দমা, পাইপ বা বিদ্যমান বিদ্যুৎ সরবরাহ লাইন বা পূর্তকর্মের সন্নিকটে বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন

দ্বিতীয় অধ্যায়: পূর্তকর্ম, ইত্যাদি

(১) বিদ্যুৎ সরবরাহ লাইন, পাইপলাইন বা অন্যবিধ পূর্তকর্ম করিবার জন্য লাইসেন্সিকে কোনো ভূগর্ভস্থ নর্দমা, পানি প্রবাহের খাত বা পূর্তকর্ম অথবা যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মালিকাধীন কোনো পাইপ, সাইফোন (siphon), বিদ্যুৎ সরবরাহ লাইন বা অন্যবিধ পূর্তকর্মের সন্নিকটে কোনো পরিখা খনন করিবার প্রয়োজন হইলে, ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিকে খনন কাজ শুরুর পূর্বে অন্যূন ১৫ (পনেরো) দিনের লিখিত নোটিশ প্রদান করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, জরুরি অবস্থায় লাইসেন্সি পরিখার খনন কাজ শুরুর পর লিখিত অবগতিসহ টেলিফোনে অথবা ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অবহিত করিতে পারিবে।

(২) কোনো পাইপ, বিদ্যুৎ সরবরাহ লাইন বা পূর্তকর্মের অবস্থানের পরিবর্তন না ঘটাইয়া উক্ত অংশের অধঃখননের প্রয়োজন হইলে, উক্ত কার্য বাস্তবায়নকালে অধঃখনন স্থলে পাইপ, বিদ্যুৎ লাইন বা পূর্তকর্মের যথাযথ ধারণ সম্বলিত ভিত্তি প্রদানের ব্যবস্থা রাখিতে হইবে।

(৩) যদি লাইসেন্সি বিদ্যুৎ সরবরাহ লাইন আড়াআড়িভাবে বা এমনভাবে স্থাপন করে, যাহা অন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মালিকানাধীন পাইপ, লাইন বা সার্ভিস পাইপ বা সার্ভিস লাইন বা আইনের অধীন কোনো ব্যক্তির জ্বালানি সরবরাহ বা সঞ্চালনের কাজে ব্যবহৃত পাইপ, লাইন বা সার্ভিস লাইন স্পর্শ করে বা করিতে পারে, সেইক্ষেত্রে উক্তরূপ ব্যক্তির লিখিত সম্মতি ব্যতীত এইরূপ বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা যাইবে না।

(৪) লাইসেন্সি এই বিধির কোনো বিধান প্রতিপালনে ব্যর্থ হইলে সংঘটিত ক্ষতি বা অনিষ্টের জন্য যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ প্রদান করিবে।

(৫) এই বিধির অধীন কোনো কাজ সম্পাদনের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির উপস্থিত থাকিবার অধিকার থাকিবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২২৯ (PDF-এর পৃষ্ঠা ৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)