RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি১৬

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ

তৃতীয় অধ্যায়: বিদ্যুৎ সরবরাহ, মিটার স্থাপন, ইত্যাদি

(১) লাইসেন্সি নিম্নবর্ণিত কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করিতে পারিবে, যথা :—

(ক) বিধি ১৫ এর উপ-বিধি (১) এর অধীন প্রদত্ত নোটিশ বা বিদ্যুৎ বিলের কপিতে উল্লিখিত সময়সীমার মধ্যে কোনো গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধে ব্যর্থ হইলে;

(খ) কোনো গ্রাহক বিদ্যুৎ সংযোগের জন্য প্রদত্ত জামানত প্রদান না করিলে বা অপর্যাপ্ত জামানত প্রদান করিলে, অথবা কোনো গ্রাহক পরিবর্তন হইলে পরিবর্তিত গ্রাহক জামানত প্রদানে ব্যর্থ হইলে;

(গ) কোনো গ্রাহক এমন কোনো যন্ত্রপাতি ব্যবহার করিয়াছেন বা যে স্থানে বিদ্যুৎ সরবরাহ করা হইয়াছে উহা এমনভাবে ব্যবহার করিয়াছেন, যাহা লাইসেন্সি কর্তৃক অন্য কোনো গ্রাহককে সরবরাহকৃত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে;

(ঘ) ব্যবহৃত বৈদ্যুতিক তার, ফিটিংস, পূর্তকর্ম এবং যন্ত্রপাতি ভাল অবস্থায় না থাকিবার কারণে বৈদ্যুতিক ব্যবস্থার ক্ষতি সাধিত হইলে;

(ঙ) কোনো গ্রাহক লাইসেন্সিকে নোটিশ প্রদান না করিয়া ব্যবহৃত বৈদ্যুতিক তার, ফিটিংস, পূর্তকর্ম বা যন্ত্রপাতির সংযোজন বা পরিবর্তন করিলে;

(চ) কোনো গ্রাহক এমনভাবে বিদ্যুৎ ব্যবহার করেন যাহাতে লাইসেন্সির বিদ্যুৎ লাইন বা পূর্তকর্মের ক্ষতি সাধিত হয় বা নিরাপত্তা বিঘ্নিত হয়;

(ছ) কোনো গ্রাহক কর্তৃক এমন পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়, যাহা উচ্চ ট্যারিফ হারে বিদ্যুৎ ব্যবহার হিসেবে আদায়যোগ্য;

(জ) কোনো গ্রাহক কর্তৃক মিটার, বিদ্যুৎ ব্যবহার নির্দেশক বা উক্তরূপ কোনো যন্ত্রের সিল, কভার, খোল, ইত্যাদি নষ্ট করিলে বা উহার উপর অবৈধ হস্তক্ষেপ (tempering) করিলে;

(ঝ) কোনো গ্রাহক কর্তৃক মিটার, বিদ্যুৎ ব্যবহার মাপার নির্দেশক অথবা উক্তরূপ কোনো যন্ত্রের ইনডেক্সের পরিবর্তন করিলে;

(ঞ) কোনো গ্রাহক কর্তৃক মিটার, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা নির্দেশক বা উক্তরূপ যন্ত্র বিদ্যুৎ সরবরাহ বা ব্যবহার লিপিবদ্ধ করিতে বাধাগ্রস্ত করিলে; এবং

(ট) কোনো গ্রাহক অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করিলে।

(২) কোনো গ্রাহক ৫০ (পঞ্চাশ) কিলোওয়াট বা তদুর্ধ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শন ও পরীক্ষণের জন্য তফসিল-১ এ উল্লিখিত ফি পরিশোধে ব্যর্থ হইলে, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের লিখিত অনুরোধ প্রাপ্তির পর লাইসেন্সি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করিতে পারিবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৫ (PDF-এর পৃষ্ঠা ১১)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)