যন্ত্রপাতি তৈরি, অপরিবাহী ও মাটিতে গ্রোথিতকরণ
(১) বিদ্যুৎ সরবরাহ লাইন ও যন্ত্রপাতি, যতদূর সম্ভব, ব্যবহার উপযোগী করিয়া তৈরি, স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে যাহাতে বিপদ প্রতিরোধ করা যায়।
(২) সকল নিরোধক (insulating) দ্রব্যাদি উহার প্রস্তাবিত ব্যবহারের সহিত সামঞ্জস্য রাখিয়া নির্বাচন করিতে হইবে এবং উহার যথাযোগ্য তাপমাত্রা ও আর্দ্রতা বিরোধী কার্যক্ষমতা নিশ্চিত করিতে হইবে।
(৩) নিরোধক দ্রব্যাদির সক্রিয় অংশ যাহাতে কোনো ব্যক্তির দ্বারা স্পর্শ করা সহজ হয়, এমনভাবে উন্মুক্ত থাকিবে না।
(৪) নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত বিদ্যুৎ সিস্টেমের কোনো অংশ ভূমি হইতে যথাযথ নিরোধক অবস্থায় রাখিতে হইবে, যথা :—
(ক) বহুফেজ (polyphase) সিস্টেমস্থ নিরপেক্ষ পয়েন্টের শুধু একটি পয়েন্ট ভূ-সংযুক্ত রাখা যাইবে; এবং
(খ) সমকেন্দ্রিক সিস্টেম ব্যতীত অন্যান্য সিস্টেমের মধ্য-ভোল্টেজ পয়েন্ট ভূ-সংযুক্ত রাখা যাইবে।
(৫) কোনো গ্রাহকের বাড়িতে বা বাড়ির গুরুত্বপূর্ণ স্থানে বা বিদ্যুৎ সরবরাহ স্থানের নিকটস্থলে সহজে মোছা যাইবে না এমন কঠিন আবরণে বাংলা ও ইংরেজিতে এতদ্সম্পর্কিত তালিকা লাইসেন্স কর্তৃক ঝুলাইয়া রাখিতে ও সংরক্ষণ করিতে হইবে।
(৬) নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিদর্শক উক্তরূপ স্থাপনায় ২ (দুই) বৎসর অন্তর অন্তর পরিদর্শন করিবেন এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শকের নিকট প্রতিবেদন দাখিল করিবেন।
(৭) কোনো সাধারণ সার্ভিস লাইন হইতে একই আঙ্গিনায় একাধিক গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হইলে, উপ-বিধি (৫) এর অধীন তালিকা প্রত্যেক গ্রাহকের কাট-আউট বোর্ডে সংযুক্ত করিয়া দিতে হইবে।
(৮) লাইসেন্সি ব্যতীত অন্য কাহারো দ্বারা বিদ্যুৎ সরবরাহ করা হইলেও উপ-বিধি (৫) মোতাবেক প্রত্যেক গ্রাহকের আঙিনায় সংশ্লিষ্ট লাইসেন্সি কর্তৃক উক্তরূপ তালিকা প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪১ (PDF-এর পৃষ্ঠা ১৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)