এরিয়্যাল লাইন
(১) আইনের ধারা ১১ এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো লাইসেন্সি কর্তৃক এরিয়্যাল লাইন স্থাপনের প্রয়োজন হইলে, উক্ত লাইসেন্সি কী পদ্ধতিতে উহা স্থাপন করিবে সে বিষয় উল্লেখ করিয়া সরকারের নিকট আবেদন করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর সরকার প্রয়োজনীয়তা বিবেচনা করিয়া এরিয়্যাল লাইন স্থাপনের অনুমতি প্রদান করিতে পারিবে।
(৩) উপ-বিধি (২) এর অধীন অনুমোদন প্রাপ্তির পর এই বিধিমালার অধীন যে সকল কর্তৃপক্ষের সম্মতির প্রয়োজন রহিয়াছে, তাহা গ্রহণ করিয়া লাইসেন্সি এরিয়্যাল লাইন স্থাপন করিতে পারিবে।
(৪) এরিয়্যাল লাইন স্থাপনের পূর্বে পরিশিষ্ট-খ অনুযায়ী বিজ্ঞপ্তি দ্বারা উক্ত এলাকার জনসাধারণকে উক্ত স্থানে একটি এরিয়্যাল লাইন চালু করা হইবে মর্মে অবহিত করিতে হইবে।
(৫) লাইসেন্সি কর্তৃক এরিয়্যাল লাইন স্থাপন বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে উপ-বিধি (১) এর শর্ত ভঙ্গের কারণে সরকার তাৎক্ষণিকভাবে উহা অপসারণের জন্য লাইসেন্সিকে নির্দেশ দিতে পারিবে বা অপসারণের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং উক্তরূপ অপসারণের জন্য ব্যয়িত অর্থ লাইসেন্সির নিকট হইতে আদায় করা যাইবে।
(৬) এরিয়্যাল লাইন স্থাপনের পর কোনো লাইনের সন্নিকটে কোনো বৃক্ষ, কাঠামো বা অন্যবিধ বস্তু দণ্ডায়মান থাকিলে বা পড়িলে এবং উহার অবস্থান বিদ্যুৎ পরিবহন বা প্রেরণে বা কোনো পূর্তকর্মে বিদ্ধ ঘটাইতে পারে বা বাধার সৃষ্টি হইতে পারে, এইরূপ অবস্থায় লাইসেন্সি উক্ত বৃক্ষ, কাঠামো বা বস্তু অপসারণের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে।
(৭) এরিয়্যাল লাইন স্থাপনের কারণে পূর্ব হইতে স্থিত কোনো কাঠামো বা অন্যবিধ বস্তু অপসারণের ক্ষেত্রে উহার মালিক বা দখলদারের আপত্তি থাকিলে, উক্ত আপত্তির কারণ উল্লেখপূর্বক জেলা প্রশাসক বা তাহার মনোনীত প্রতিনিধি বরাবর আবেদন করিতে পারিবেন।
(৮) উপ-বিধি (৭) এর অধীন আবেদন প্রাপ্তির পর উভয় পক্ষের শুনানি শেষে যদি জেলা প্রশাসক বা তাহার মনোনীত প্রতিনিধির নিকট এই মর্মে প্রতীয়মান হয় যে, উক্ত এরিয়্যাল লাইন স্থাপন জনস্বার্থে আবশ্যক, সেইক্ষেত্রে উক্ত মালিক বা দখলদারের আপত্তি সত্ত্বেও লাইসেন্সিকে উক্ত কাঠামো বা বস্তু অপসারণের আদেশ দিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, যদি জেলা প্রশাসক বা তাহার মনোনীত প্রতিনিধি এই মর্মে সন্তুষ্ট হন যে, এই ধরনের অপসারণের ফলে মালিক বা দখলদারকে ক্ষতিপূরণ প্রদান সঙ্গত হইবে, সেইক্ষেত্রে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে মালিক বা দখলদারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য লাইসেন্সিকে আদেশ প্রদান করিতে পারিবেন।
(৯) জনগণের নিরাপত্তার স্বার্থে নির্ধারিত তারিখে এরিয়্যাল লাইন চালু হইবার পর লাইনটি চালু থাকিবে মর্মে পরিশিষ্ট-গ অনুযায়ী একটি বিজ্ঞপ্তি প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩০ (PDF-এর পৃষ্ঠা ৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত বিদ্যুৎ আইনের ধারা: ধারা ১১