RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪০

ভূ-সংযুক্ত পরিবাহী ও ভূ-সংযুক্ত নিরপেক্ষ পরিবাহীর পরিচিতি এবং সুইচ ও কাট-আউট এর অবস্থান

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

দুই তারবিশিষ্ট ভূ-সংযুক্ত পরিবাহীসহ যেকোনো পরিবাহীর ক্ষেত্রে বা বহু তারবিশিষ্ট নিরপেক্ষ পরিবাহীর ক্ষেত্রে বা সংযোগ দিতে হইবে এমন পরিবাহীর ক্ষেত্রে নিম্নবর্ণিত ব্যবস্থাসমূহ নিশ্চিত ও প্রতিপালন না করিয়া বিদ্যুৎ সরবরাহ প্রদান করা যাইবে না, যথা :—

(ক) ভূ-সংযুক্ত বা ভূ-সংযুক্ত নিরপেক্ষ পরিবাহী বা সংযোগ দিতে হইবে এমন পরিবাহীর মালিক স্থায়ী নির্দেশনা (indication) প্রদান করিবেন, যাহাতে উক্ত পরিবাহীটি অন্য কোনো সক্রিয় পরিবাহী হইতে পার্থক্য নির্দেশ করে;

(খ) ভূ-সংযুক্ত পরিবাহী বা ভূ-সংযুক্ত নিরপেক্ষ পরিবাহী বিদ্যুৎ সরবরাহ স্থানে বা উহার নিকটস্থ পয়েন্টের কাছাকাছি স্থানে লাইসেন্সির দৃষ্টিগোচরে রাখিতে হইবে;

(গ) যেখানে একটি পরিবাহী একজন গ্রাহকের সিস্টেমের অংশবিশেষ, সেখানে উহা একজন লাইসেন্সির ভূ-সংযোগ বা ভূ-সংযুক্ত নিরপেক্ষ পরিবাহীর যে বিন্দুতে সংযোগ প্রদেয় সেই বিন্দুতে সংযোগ দিতে হইবে;

(ঘ) অন্যান্য সকল ক্ষেত্রে কোনো সরবরাহস্থলের সহিত সঙ্গতিপূর্ণ পয়েন্টে বা পরিদর্শক কর্তৃক অনুমোদিত পয়েন্টে উহা হইতে হইবে; এবং

(ঙ) ভূ-সংযোগ বা সক্রিয় পরিবাহীর সহিত যুগপৎভাবে কার্যকর সুইচের সংযোগ ব্যতীত অন্যান্য কাট-আউট, সংযোগ বা সুইচ দুই তারবিশিষ্ট ভূ-সংযুক্ত পরিবাহীর ভিতর বা বহু তারবিশিষ্ট সিস্টেমের ভূ-সংযুক্ত নিরপেক্ষ পরিবাহীর ভিতর বা সংযোগ দিতে হইবে এমন পরিবাহীর ভিতর নিম্নবর্ণিত ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া প্রবেশ করানো যাইবে না, যথা :—

(অ) পরীক্ষার নিমিত্ত কোনো সংযোগ;

(আ) যে কোনো জেনারেটর বা ট্রান্সফরমার নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যবহৃত সুইচ; এবং

(ই) ভূ-সংযোগ বা ভূ-সংযোগ নিরপেক্ষ পরিবাহীর সহিত সংযোগ রক্ষার জন্য বা উৎপাদন কেন্দ্র বা উপ-কেন্দ্রে পরীক্ষা বা জরুরি প্রয়োজনে ভূমির সংযোগের ক্ষেত্রে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪২ (PDF-এর পৃষ্ঠা ১৮)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)