ভূ-সংযোগ
(১) ভূ-সংযোগের সহিত সম্পৃক্ত নিম্ন ও মধ্যম ভোল্টেজের সিস্টেমের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিধানাবলি প্রযোজ্য হইবে, যথা :—
(ক) ৩ (তিন) ফেজের ৪ (চার) তার সিস্টেমের নিউট্রাল পরিবাহী এবং ২ (দুই) ফেজের ৩ (তিন) তার সিস্টেমের মধ্যম পরিবাহীর ক্ষেত্রে জেনারেটিং স্টেশন বা সাব-স্টেশনে স্বতন্ত্র সিস্টেমের শুধু একটি পয়েন্টে ভূ-সংযোগ দিতে হইবে, যাহা কমপক্ষে ২ (দুই) টি পৃথক স্বতন্ত্র প্রকৃতির পরিবাহী হইবে, এবং যদি স্থাপনাটি বহুবিধ ভূ-সংযোগ বিশিষ্ট হয়, সেইক্ষেত্রে বিতরণ সিস্টেম বা সার্ভিস লাইনে বা গ্রাহক আঙিনার যে কোনো এক বা একাধিক পয়েন্টেও ভূ-সংযোগ দিতে হইবে;
(খ) বিদ্যুৎ সরবরাহ লাইনে সমকেন্দ্রিক ক্যাবল সিস্টেমের ক্ষেত্রে অনুরূপ ক্যাবলের বহিঃ পরিবাহীতেও ২ (দুই) টি পৃথক ও আলাদাভাবে ভূ-সংযোগ দিতে হইবে;
(গ) পরীক্ষা বা ত্রুটি চিহ্নিত করিবার উদ্দেশ্যে সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখিবার জন্য উক্ত ভূ-সংযোগের সহিত একটি লিংক সংযুক্ত করিতে হইবে;
(ঘ) ভূ-সংযোগ প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিধানাবলি প্রযোজ্য হইবে, যথা :—
(অ) ৩ (তিন) তারের (ডাইরেক্ট কারেন্ট) সিস্টেমের ক্ষেত্রে জেনারেটিং স্টেশনের মধ্যম পরিবাহীটিকে ভূ-সংযোগ করিতে হইবে এবং মধ্যম পরিবাহী হইতে ভূমিতে প্রবহমান বিদ্যুৎ সার্বক্ষণিক রেকর্ড করিতে হইবে;
(আ) যখন মধ্যম পরিবাহী সমান্তরালে সংযুক্ত রোধের দ্বারা সার্কিট ব্রেকার দিয়ে ভূ- সংযুক্ত থাকে, তখন উক্ত রোধটি ১০ (দশ) ওহমের বেশি হইতে পারিবে না, এবং সার্কিট ব্রেকারটি খোলা হইলে শীঘ্রই সিস্টেমের অন্তরণ (insulation) বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করিতে হইবে এবং সার্কিট ব্রেকারটি যথাশীঘ্র পুনঃসংযোগ করিতে হইবে;
(ই) ডাইরেক্ট কারেন্ট সিস্টেমের ভূ-সংযোগের ক্ষেত্রে পর্যবেক্ষণ ও সতর্কতামূলক যন্ত্র ব্যবস্থার নিরাপত্তা হিসেবে রোধ ব্যবহার করা যাইবে এবং উক্ত ত্রুটিযুক্ত ভূ-সংযোগটি অবিলম্বে নির্ণয় ও অপসারণ করিতে হইবে;
(ঙ) এসি সিস্টেমের ক্ষেত্রে, সুইচ-গিয়ার বা যন্ত্রপাতি, কাট-আউট বা সার্কিট ব্রেকার ইত্যাদির অপারেশনের প্রয়োজন না হইলে ভূ-সংযোগে কোনো প্রকার প্রতিবন্ধকতা ব্যবহার করা যাইবে না এবং সংযোগ দিয়ে স্বাভাবিকভাবে ভূমিতে লিকেজ কারেন্ট যাইতেছে কিনা, প্রযোজ্য ক্ষেত্রে, উক্তরূপ কোনো পরীক্ষার ফলাফল সরবরাহকারী কর্তৃক লিপিবদ্ধ করিতে হইবে;
(চ) কোনো ব্যক্তি তাহার মালিকানা বহির্ভূত পানি সরবরাহ ব্যবস্থার সহিত লাইসেন্সি বা বিদ্যুৎ পরিদর্শকের সম্মতি ব্যতীত ভূ-সংযোগ দিতে বা তাহা অব্যাহত রাখিতে পারিবেন না; এবং
(ছ) উল্লিখিতভাবে ভূ-সংযুক্ত এসি সিস্টেমে বৈদ্যুতিকভাবে আন্তঃসংযোগ দেওয়া যাইবে:
তবে শর্ত থাকে যে, উক্তরূপ সকল সংযোগ সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহ লাইনের সহিত ধাতব সিট এবং ধাতব বর্ম (armouring) দিয়ে, যদি থাকে, সংযুক্ত রাখিতে হইবে।
(২) সকল জেনারেটর, স্টেশনারি মোটর, এবং প্রযোজ্য ক্ষেত্রে, বহনযোগ্য মোটর এবং পরিবাহী হিসেবে ব্যবহৃত নয় এইরূপ ট্রান্সফরমারের ধাতব যন্ত্রাংশের কাঠামো এবং বিদ্যুৎ নিয়ন্ত্রণ ও রেগুলেটিং এর জন্য ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি এবং মধ্যম পর্যায়ের বিদ্যুতের সাহায্যে চালিত যন্ত্রসমূহ মালিক কর্তৃক ২ (দুই) টি পৃথক ও স্বতন্ত্র সংযোগের মাধ্যমে ভূ-সংযুক্ত করিতে হইবে, এইরূপ সংযোগের একটি ধাতব বাক্স বিধি ৪৩ এর বিধান সাপেক্ষে স্থাপন করিতে হইবে।
(৩) যন্ত্র ও বিদ্যুৎ সরবরাহ লাইনে বিদ্যুৎ সরবরাহের পূর্বে ভূ-সংযুক্ত কার্যকারিতা নিশ্চিত করিবার জন্য সকল সিস্টেমের ভূ-সংযুক্ত রোধ পরীক্ষা করিতে হইবে।
(৪) সরবরাহকারীর মালিকানাধীন সকল ভূ-সংযুক্ত সিস্টেমের রোধ শুষ্ক মৌসুমের অনার্দ্র দিনে অন্যূন ২ (দুই) বৎসরে একবার পরীক্ষা করিতে হইবে।
(৫) পরীক্ষার ফলাফলের রেকর্ড অন্যূন ২ (দুই) বৎসরের জন্য সরবরাহকারী কর্তৃক সংরক্ষণ করিতে হইবে এবং উহা প্রয়োজনে পরিদর্শকের জন্য উন্মুক্ত রাখিতে হইবে।
(৬) ভূ-রোধ স্বাভাবিকভাবে ১ (এক) ওহমের উপরে হইতে পারিবে না এবং স্থাপনার ভূ-সংযুক্ত একটি ফেজে অবহেলাবশত ত্রুটি সৃষ্টি হইলে বা সন্নিহিত অনাবৃত নন-আর্থেড পরিবাহী দ্বারা সন্নিকটে আসিলে ফিউজের নির্ধারিত হারের ৩ (তিন) গুণ শক্তি বৃদ্ধি পাইতে পারে, যাহাতে ওভারলোড সার্কিট ব্রেকারের সুস্থিতির দেড়গুণ বেশি হইলে ত্রুটিপূর্ণ বর্তনী নিষ্ক্রিয় হইয়া যায় এবং চাহিদা পূরণে অক্ষম এমন সকল ক্ষেত্রে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার স্থাপন করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪৩ (PDF-এর পৃষ্ঠা ১৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)