সুইচ গিয়ার এবং টার্মিনালসমূহ
সুইচ গিয়ার ও টার্মিনাল, ক্যাবলের শেষাংশ, ক্যাবল এবং যন্ত্রপাতির সংযোগ সম্পূর্ণভাবে দেয়াল ঘেরা হইতে হইবে এবং এমনভাবে নির্মাণ ও স্থাপন করিতে হইবে যেন উহা নিম্নবর্ণিত শর্তসমূহ পূরণ করে, যথা :—
(ক) সকল অংশ যান্ত্রিকভাবে যথেষ্ট শক্তিশালী করিতে হইবে যাহাতে অযাচিত প্রয়োগ (rough usage) প্রতিরোধ করা যায়;
(খ) সকল পরিবাহী ও সংযোগ স্থল পর্যাপ্ত বিদ্যুৎ পরিবহনের ক্ষমতার অধিকারী হইতে হইবে এবং পরিবাহীর সকল সংযোগ যথাযথভাবে ঝালাই অথবা অন্য কোনো নির্ধারিত পদ্ধতিতে সংযুক্ত করিতে হইবে;
(গ) কোনো কিছু স্থাপনের ফলে যদি কোনো সুইচ গিয়ারের কাজে প্রভাব বিস্তার করিয়া থাকে বা ইন্সুলেশন ক্ষমতার প্রভাব ধ্বংস করিয়া থাকে, তাহা হইলে যথাযথভাবে বন্ধ করিতে হইবে;
(ঘ) সকল চলমান অংশ এমনভাবে নিরাপদ করিতে হইবে বা ঘেরাও দিতে হইবে যাহাতে কোনো ব্যক্তি দুর্ঘটনাবশত এইগুলির সংস্পর্শে আসিলে বাতির বিচ্ছুরণ, সর্ট-সার্কিট, আগুন, পানি, গ্যাস ও তৈল হইতে বিপদ এড়ানো সম্ভব হয়;
(ঙ) গ্যাস, কয়লার গুঁড়া, তৈল বা অন্যান্য দাহ্য বস্তুতে অগ্নিকান্ডের আশংকাযুক্ত স্থানে যন্ত্রের সকল অংশ এমনভাবে সুরক্ষা করিতে হইবে যাহাতে মুক্ত ক্ষুলিঙ্গ প্রতিরোধ করা যায়; এবং
(চ) বর্তনী নিয়ন্ত্রণের নিমিত্ত কোনো সর্ট-সার্কিটের সময় সুইচ বা সার্কিট ব্রেকার সহজে ব্যবহার করিবার জন্য বা সহজে খুলিবার জন্য সুইচ বা সার্কিট ব্রেকারের সামনে জায়গা রাখিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৫১ (PDF-এর পৃষ্ঠা ২৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)