RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪৭

মধ্যম বা উচ্চ চাপে সরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ সতর্কতা

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

(১) মধ্যম বা উচ্চ চাপের সরবরাহ কনভার্ট ব্যবহারের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিধান প্রযোজ্য হইবে, যথা :—

(ক) যন্ত্রের সকল সচল অংশ যথাসম্ভব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাগালের মধ্যে রাখিয়া যান্ত্রিকভাবে শক্ত ধাতব বাক্স বা ধাতব আচ্ছাদন দ্বারা আবৃত করিয়া রাখিতে হইবে;

(খ) যান্ত্রিকভাবে শক্ত ধাতব বাক্স বা ধাতব আচ্ছাদন দ্বারা আবৃত করিয়া রাখিতে হইবে;

(গ) গ্রাহকের আঙিনায় বিদ্যুতের উৎসের কাছাকাছি প্রত্যেক পরিবাহীতে বিদ্যুৎ সরবরাহ ও উহা বন্ধ করিবার জন্য প্রয়োজনীয় ক্ষমতাসহ সংযুক্ত সুইচের সংযোগ থাকিতে হইবে;

(ঘ) প্রত্যেকটি পরিবাহী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দ্বারা কার্যকর অবস্থায় তাহার নাগালের মধ্যে শক্ত ধাতব বাক্স দ্বারা পুরাপুরি যান্ত্রিকভাবে আবদ্ধ রাখিতে হইবে বা পরিদর্শকের অনুমোদনক্রমে ধাতব আচ্ছাদন দ্বারা পুরাপুরি ও নিরাপদভাবে বাঁধিয়া রাখিতে হইবে;

(ঙ) প্রত্যেক যন্ত্রকে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন সুইচ দ্বারা দক্ষভাবে নিয়ন্ত্রণ করিতে হইবে, যাহাতে প্রত্যেক পরিবাহীতে বিদ্যুৎ সরবরাহ ও তাহা বন্ধ করা যায়, এবং যন্ত্রসমূহ অপারেটরের কাছাকাছি এমনভাবে রাখিতে হইবে যেন সকল ভোল্টেজে সংশ্লিষ্ট যন্ত্রের সহিত সংযুক্ত অন্যান্য ডিভাইস হইতে সহজে বিচ্ছিন্ন করা যায়:

তবে শর্ত থাকে যে, রিমোট সুইচ গিয়ার দ্বারা নিয়ন্ত্রিত ট্রান্সফরমার, মোটর ও অন্যান্য যন্ত্রপাতির ক্ষেত্রে এই দফা প্রযোজ্য হইবে না:

আরো শর্ত থাকে যে, সুইচ দ্বারা নিয়ন্ত্রিত ট্রান্সফরমার, মোটর বা অন্যান্য যন্ত্রপাতিতে রিমোট সুইচকে বন্ধ করিয়া মানুষের কাজ ও ব্যবহারের ক্ষেত্রে এবং বিধি ৪৯ যেইক্ষেত্রে অকার্যকর সেইক্ষেত্রেও এই দফা প্রযোজ্য হইবে না;

(চ) প্রত্যেক জেনারেটর, মোটর ও উহার সহিত সংযুক্ত নিয়ন্ত্রণকারী ও চালনাকারী যন্ত্রে বাংলায় “বিপজ্জনক” ও ইংরেজিতে ‘Dangerous’ বার্তা সম্বলিত প্লেট স্থায়ীভাবে সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে প্রদর্শন করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, যে সকল জেনারেটর, মোটর ও যন্ত্রে উক্ত বার্তা সম্বলিত প্লেট সংযুক্ত করা যাইবে না, সেখানে উক্ত যন্ত্রের যথাসম্ভব নিকটবর্তী স্থানে উহা স্থাপন করিতে হইবে:

আরো শর্ত থাকে যে, শুধু অনুমোদিত ব্যক্তির প্রবেশযোগ্য বেষ্টনীর মধ্যে জেনারেটর, মোটর, নিয়ন্ত্রণকারী ও পরিচালনাকারী যন্ত্র থাকিলে সেখানে একটি বিজ্ঞপ্তি প্রদান যথেষ্ট হইবে।

(২) কোনো লাইসেন্সির প্রস্তাবিত মধ্যম বা উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ ও ব্যবহারের ক্ষেত্রে উক্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখিবার নিমিত্ত পরিদর্শককে এতদবিষয়ে নোটিশ দিতে হইবে এবং বিদ্যুৎ পরিদর্শকের সন্তুষ্টি সাপেক্ষে বা উপ-বিধি (১) এর বিধান সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ বা পুনঃসংযোগ দেওয়া যাইবে।

(৩) মধ্যম বা উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ বা ব্যবহার শুরু হইলে উপ-বিধি (১) এর অধীন পরিবাহী বা যন্ত্রের নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণের দায় উক্ত পরিবাহী বা যন্ত্রের সংশ্লিষ্ট মালিকের উপর বর্তাইবে।

(৪) সরবরাহ শুরুর পরবর্তী যেকোনো সময়ে কোনো লাইসেন্সি উপ-বিধি (১) এর বিধানাবলি প্রয়োগ হচ্ছে না মর্মে সতর্কপূর্বক বিষয়টি বিদ্যুৎ পরিদর্শককে অবহিত করিলে উক্ত কর্মকর্তা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন।

(৫) হাই ভোল্টেজ লাইভ কন্ডাক্টর উন্মুক্ত আছে এইরূপ উপ-কেন্দ্রে কাজ করিবার সময় যদি সম্পূর্ণ যন্ত্র নিষ্ক্রিয় করা না হয়, তাহা হইলে যেই অংশে কাজ করা হইবে তাহা রশি বা অন্য কোনো কিছুর সাহায্যে আলাদা ও নিষ্ক্রিয় করিতে হইবে এবং এমন ব্যবস্থা গ্রহণ করিতে হইবে যেন নিম্নের ছক অনুযায়ী ন্যূনতম দূরত্ব বজায় থাকে, যথা :—

লাইভ উন্মুক্ত (unscreened) কন্ডাক্টর হইতে ন্যূনতম নিরাপদ দূরত্ব [BS 7354 ‘Safety Working Clearance’]

দুই ফেজের মধ্যে ভোল্টেজ (nominal)ন্যূনতম নিরাপদ দূরত্ব, মিটারন্যূনতম নিরাপদ দূরত্ব, ফুট
১১ কেভি২.৬০৮.৫
৩৩ কেভি২.৮০৯
১৩২ কেভি৩.৮০১২.৫
২৩০ কেভি৪.৬০১৫
৪০০ কেভি৬.৪০২১

(৬) যদি কাজটি এমন হয় যে, বিপদ পরিহার করিবার জন্য উপ-বিধি (৫) এ উল্লিখিত দূরত্ব পর্যাপ্ত নহে, তাহা হইলে নিরাপত্তার জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

(৭) ভূমি হইতে উচ্চ পোল বা টাওয়ার লাইনে কর্মরত ব্যক্তিকে পর্যবেক্ষণের জন্য অপর একজন ব্যক্তিকে নিয়োজিত করিতে হইবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪৫ (PDF-এর পৃষ্ঠা ২১)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)