ভূ-সংযুক্ত মেটাল, ইত্যাদি
(১) জেনারেটর, সুইচ গিয়ার, ট্রান্সফরমার ও মোটরসমূহের (বহনযোগ্য মোটরসহ) কাঠামো বা বেইজ-প্লেটসমূহ, জয়েন্ট বক্স, ফিউজ কভার, বাতিসমূহের ধারক ইত্যাদির ধাতব আচ্ছাদনসমূহ কার্যকরভাবে ভূ-সংযুক্ত সিস্টেমের সহিত সংযুক্ত অথবা অগ্নি প্রতিরোধক দ্রব্য নির্মিত ইন্সুলেশন আবরণ দ্বারা সংরক্ষণ করিতে হইবে এবং বিদ্যুৎ পরিদর্শক কর্তৃক অনুমোদিত মানদণ্ড অনুযায়ী ভূ-সংযুক্ত করিতে হইবে।
(২) ধাতব আচ্ছাদনযুক্ত ক্যাবলসমূহ ও উহার ধাতব আচ্ছাদনকে যথাযথ ভূ-সংযুক্ত সিস্টেমে সংযোগ প্রদান করিতে হইবে।
(৩) একটি ভূ-সংযুক্ত সিস্টেমের সকল পরিবাহী তার ও জয়েন্টসমূহের পরিবাহী ক্ষমতা কমপক্ষে মূল ভূ-সংযুক্ত তারের পরিবাহী ক্ষমতার শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগ হইতে হইবে:
তবে শর্ত থাকে যে, ভূ-সংযুক্ত সিস্টেমের কোনো তারের পরিবাহীর প্রস্থচ্ছেদ (cross section) ০.১৫ (শূন্য দশমিক এক পাঁচ) বর্গ সেন্টিমিটারের কম হইবে না।
(৪) ভূ-সংযুক্ত পরিবাহীসমূহের সকল সংযোগে ও ক্যাবলসমূহের ধাতব আচ্ছাদনের সকল সংযোগে ভালোভাবে বালাই করিতে হইবে অথবা কার্যক্ষমভাবে নির্মাণ করিতে হইবে।
(৫) কোনো ভূ-সংযুক্ত-পরিবাহীতে কোনো সুইচ, ফিউজ বা সার্কিট ব্রেকার স্থাপন করা যাইবে না।
(৬) নিম্ন ভোল্টেজে ডাইরেক্ট কারেন্ট (DC) বা ১২৫ (একশত পঁচিশ) ভোল্টের এসি কারেন্টের (AC) ক্ষেত্রে, বহনযোগ্য যন্ত্র ব্যতীত, এই বিধি প্রযোজ্য হইবে না।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৫০ (PDF-এর পৃষ্ঠা ২৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)