বিদ্যুৎ লাইন, ইত্যাদি পরিবর্তন
(১) এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, আইনের ধারা ৭ এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো লাইসেন্সি নিম্নবর্ণিত কার্যাদি সম্পাদন করিতে পারিবে, যথা :—
(ক) কোনো ব্যক্তির অনুরোধের প্রেক্ষিতে কোনো বিদ্যুৎ লাইন বা প্ল্যান্ট পরিবর্তন;
(খ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (২০০১ সনের ১৮ নং আইন) এর অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত কোনো টেলিযোগাযোগের যন্ত্রপাতি;
(গ) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত টেলিগ্রাফ ব্যবস্থার উদ্দেশ্যে ব্যবহৃত টেলিযোগাযোগ যন্ত্রপাতি; এবং
(ঘ) কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৮ নং আইন) এর অধীন কেবল টেলিভিশন বিতরণ ব্যবস্থার উদ্দেশ্যে ব্যবহৃত টেলিযোগাযোগ যন্ত্রপাতি।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পূর্তকর্ম পরিবর্তনের বিষয়ে লাইসেন্সি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থাকে লিখিত নোটিশ প্রদান করিবে এবং উক্ত নোটিশে কী ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হইয়াছে উহার বর্ণনা ও পরিকল্পনা এবং কখন হইতে পরিবর্তন কর্ম শুরু হইবে উহার বিবরণ থাকিবে।
(৩) উপ-বিধি (২) এর অধীন নোটিশ প্রাপ্তির অন্যূন ১৫ (পনেরো) দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থা নিম্নবর্ণিত বিষয়সমূহ উল্লেখ করিয়া পাল্টা নোটিশ প্রদান করিতে পারিবে, যথা :—
(ক) কর্তৃপক্ষ বা সংস্থা নিজেই উক্ত পূর্তকর্ম সম্পাদন করিবে বা উহার তত্ত্বাবধানে সম্পাদিত হইবে; এবং
(খ) উক্তরূপ পূর্তকর্ম সম্পাদনের ফলে উদ্ভূত ব্যয় লাইসেন্সিকে বহন করিতে হইবে।
(৪) উপ-বিধি (৩) এর অধীন পাল্টা নোটিশ প্রদান করা হইলে, লাইসেন্সি পাল্টা নোটিশটি প্রতিপালন না করিয়া পূর্তকর্ম করিবে না।
(৫) যদি উপ-বিধি (৩) এর অধীন পাল্টা নোটিশ প্রদান করা না হয় অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক পাল্টা নোটিশ প্রদান করা হইলেও প্রস্তাবিত কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে, যাহা ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার কম হইবে না, সম্পন্ন করিতে ব্যর্থ হয়, তাহা হইলে লাইসেন্সি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থার তত্ত্বাবধান ছাড়াই পরিবর্তন কাজ সম্পন্ন করিতে পারিবে।
(৬) এই বিধির অধীন পূর্তকর্ম পরিবর্তনের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির উপস্থিত থাকিবার অধিকার থাকিবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২২৮ (PDF-এর পৃষ্ঠা ৪)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত বিদ্যুৎ আইনের ধারা: ধারা ৭