ভগ্ন রাস্তা, রেলপথ, ভূগর্ভস্থ নর্দমা, নালা বা টানেল অবিলম্বে মেরামত
(১) পূর্তকর্ম করিবার প্রয়োজনে কোনো লাইসেন্সি কোনো রাস্তা, সড়ক ও মহাসড়ক, রেলপথ, বা কোনো ভূগর্ভস্থ নর্দমা, নালা বা সুড়ঙ্গপথের মাটি বা পাকা জায়গা উন্মুক্ত করিলে বা ভাঙ্গিলে
(ক) অনতিবিলম্বে উক্ত উন্মুক্ত বা ভগ্ন অংশে নিরাপত্তা বেষ্টনী প্রদানের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করিবে;
(খ) উন্মুক্ত বা ভগ্ন অংশের বিপরীতে বা নিকটে সূর্যাস্তের পূর্বেই সর্বসাধারণের সতর্কতার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করিবে এবং উহা সূর্যোদয় পর্যন্ত সংরক্ষণ করিবে;
(গ) উন্মুক্ত বা ভগ্ন মাটি বা পাকা জায়গা বা ভূগর্ভস্থ নর্দমা বা টানেল যথাসম্ভব দ্রুততার সহিত ভরাট ও পুনর্বহাল করিবে এবং উক্তরূপ উন্মুক্তকৃত বা ভগ্নজাত আবর্জনা অপসারণ করিবে; এবং
(ঘ) উন্মুক্ত বা ভগ্ন মাটি বা পাকা জায়গা বা ভূগর্ভস্থ নর্দমা, নালা বা টানেল নির্মাণ বা মেরামতের মাধ্যমে পুনর্বহালের পর উহা অন্যূন ৩ (তিন) মাস, তবে ৯ (নয়) মাসের অধিক নহে, সময় পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে।
(২) যদি কোনো লাইসেন্সি উপ-বিধি (১) এর অধীনে দায়িত্ব প্রতিপালনে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত রাস্তা, সড়ক ও মহাসড়ক, রেলপথ, ভূগর্ভস্থ নর্দমা, নালা বা টানেল নিয়ন্ত্রণকারী বা ব্যবস্থাপনাকারী ব্যক্তি, লাইসেন্সির বিলম্বজনিত বা বাস্তবায়নের ব্যর্থতার কারণে নিজে উক্ত কার্য সম্পন্ন করিবেন এবং সেকারণে ব্যয়িত অর্থ লাইসেন্সির নিকট হইতে আদায় করিতে পারিবে।
(৩) উপ-বিধি (২) এর অধীন ব্যয়িত অর্থের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে কোনো বিরোধ সৃষ্টি হইলে আইনের ধারা ৫৩ অনুসারে উহা নিষ্পত্তি হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩১ (PDF-এর পৃষ্ঠা ৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত বিদ্যুৎ আইনের ধারা: ধারা ৫৩