মধ্যম, উচ্চ, অতি উচ্চ চাপের সংযোগের ক্ষেত্রে প্রযোজ্য বিধানাবলি
(১) মধ্যম, উচ্চ, অতি উচ্চ চাপের বিদ্যুৎ সংযোগ প্রদানের পূর্বে প্রধান বিদ্যুৎ পরিদর্শক তাহার এখতিয়ারভুক্ত মধ্যম, উচ্চ, অতি উচ্চ চাপের গ্রাহকের সংযোগ স্থল যথাযথভাবে পরীক্ষাপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে লিখিত অনুমতি প্রদান করিবেন এবং উক্ত ফলাফল লিপিবদ্ধ করিয়া গ্রাহকের নথিতে সংরক্ষণ করিবেন।
(২) মধ্যম, উচ্চ, অতি উচ্চ চাপের বিদ্যুৎ সংযোগ প্রদানের পূর্বে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানি কর্তৃক যথাযথভাবে তারের ইন্সুলেশন টেস্ট, কন্টিনিউটি টেস্ট, লিকেজ কারেন্ট টেস্ট, গ্রাউন্ডিং, মেইন সুইচ ও ওয়্যারিং তারের ক্ষমতা ইত্যাদি পরীক্ষাপূর্বক ফলাফল লিপিবদ্ধ করিতে হইবে এবং উহা গ্রাহকের নথিতে সংরক্ষণ করিতে হইবে।
(৩) মধ্যম, উচ্চ, অতি উচ্চ চাপের গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানি কর্তৃক বিদ্যুৎ সংযোগ প্রদানের পূর্বে গ্রাহক কর্তৃক স্থাপিত উপ-কেন্দ্রের ক্ষমতা, নিম্ন চাপ ও মধ্যম, উচ্চ, অতি উচ্চ চাপের গিয়ারের ক্ষমতা, পিএফআই যন্ত্র, ওয়্যারিং, গ্রাউন্ডিং, প্রযোজ্য ক্ষেত্রে, বোরিং বা মেশ গ্রাউন্ডিং সার্কিট ব্রেকারের ট্রিপিং কারেন্ট ও ট্রিপিং টাইম ইত্যাদি পরীক্ষাপূর্বক লিপিবদ্ধ করিতে হইবে এবং উহা গ্রাহকের নথিতে সংরক্ষণ করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৯ (PDF-এর পৃষ্ঠা ১৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)