RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৩

পূর্তকর্ম সংক্রান্ত বিধানাবলি

দ্বিতীয় অধ্যায়: পূর্তকর্ম, ইত্যাদি

(১) এই অধ্যায়ের অন্যান্য বিধান সাপেক্ষে, কোনো লাইসেন্সি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ কাজের অনুমতিপ্রাপ্ত হইলে নিম্নবর্ণিত পূর্তকর্ম করিতে পারিবে, যথা :—

(ক) কোনো রাস্তা, সড়ক ও মহাসড়ক বা রেলপথের মাটি এবং পাকা জায়গা উন্মুক্তকরণ বা ভাঙ্গা;

(খ) কোনো রাস্তা, সড়ক ও মহাসড়ক বা রেলপথের বা নিচে অবস্থিত যে কোনো ভূগর্ভস্থ নর্দমা, নালা বা সুড়ঙ্গপথ উন্মুক্তকরণ বা ভাঙ্গা;

(গ) বিদ্যুৎ সঞ্চালন, বিতরণ ক্যাবল ও এরিয়্যাল সরবরাহ লাইন এবং অন্যান্য পূর্তকর্ম নির্মাণ বা স্থাপন এবং উহা মেরামত, পরিবর্তন বা অপসারণ;

(ঘ) বিদ্যুৎ সরবরাহ ও অন্য প্রতিষ্ঠানের ব্যবহারের লক্ষ্যে টানেল বা ডাক্ট নির্মাণ, ফাইবার অপটিক লাইন স্থাপনসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ; এবং

(ঙ) ভূমিতে বা উপরে বা নিচে বিদ্যুৎ সরবরাহ লাইন বা অন্যবিধ পূর্তকর্ম।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পূর্তকর্ম করিবার ক্ষেত্রে লাইসেন্স প্রস্তাবিত পূর্তকর্ম সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নোটিশ প্রদান করিবে।

(৩) উপ-বিধি (২) এর অধীন নোটিশ প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি লাইসেন্সিকে লিখিতভাবে তাহার অনুমোদন বা অননুমোদনের বিষয়টি অবহিত করিবে, যদি উক্ত সময়ের মধ্যে অবহিত করিতে ব্যর্থ হন, তাহা হইলে পূর্তকর্ম অনুমোদিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

(৪) যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি লাইসেন্সির পূর্তকর্ম সংশোধন সাপেক্ষে অনুমোদন করেন, তাহা হইলে লাইসেন্সি উক্তরূপ অবহিত হইবার ১ (এক) সপ্তাহের মধ্যে সরকারের নিকট আপিল করিতে পারিবে এবং এইক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চুড়ান্ত হইবে।

(৫) লাইসেন্সি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি পূর্তকর্ম, উহার ক্ষতিপূরণ বা অন্য কোনো ব্যক্তির প্রতি দায় সংক্রান্ত বিষয় পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিষ্পত্তি করিবে।

(৬) উপ-বিধি (৫) এর অধীন পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিষ্পত্তি না হইলে আইনের ধারা ৫৩ এর বিধান অনুসারে উহা নিষ্পত্তি হইবে।

(৭) কোনো পূর্তকর্ম শুরু করিবার পূর্বে লাইসেন্সি পরিশিষ্ট-ক অনুযায়ী একটি গণবিজ্ঞপ্তি জারি করিবে।

(৮) পূর্তকর্মের ফলে কোনো রাস্তা, সড়ক ও মহাসড়ক বা বাঁধের ক্ষতি হইলে লাইসেন্সি পূর্তকর্ম শেষে নিজ খরচে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি বা মেরামতের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে উহা মেরামতের ব্যবস্থা করিবে।

(৯) যদি ভূগর্ভস্থ সরবরাহ লাইনে কোনো পূর্তকর্ম করিবার প্রয়োজন হয়, যাহা মূল সরবরাহ লাইনের সহিত সংযুক্ত, তাহা হইলে লাইসেন্সি মেরামতকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি বা, ক্ষেত্রমত, মালিককে উক্তরূপ পূর্তকর্ম সম্পাদনের ইচ্ছা ব্যক্ত করিয়া অন্যূন ৪৮ (আটচল্লিশ) ঘণ্টা পূর্বে লিখিত নোটিশ প্রদান করিবে:

তবে শর্ত থাকে যে, ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ লাইন বিনষ্ট হইলে জরুরি অবস্থার ক্ষেত্রে লাইসেন্স মেরামতকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি বা, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিকে তাহার অভিপ্রায় সম্পর্কে নোটিশ প্রদান করিয়া এই বিধির অন্যান্য বিধানাবলি প্রতিপালন ব্যতিরেকেই বিদ্যুৎ লাইন স্থাপন করিতে পারিবে এবং জরুরি অবস্থার ক্ষেত্রে লাইসেন্সি বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের প্রয়োজনে অস্থায়ীভিত্তিতে বিদ্যুৎ লাইন নির্মাণ করিতে পারিবে:

আরো শর্ত থাকে যে, উক্তরূপ লাইন শুধু ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ লাইন ত্রুটিমুক্ত না হওয়া পর্যন্ত ব্যবহার করা যাইবে এবং সকল ক্ষেত্রে ত্রুটি অপসারণের পর ও সরকারের লিখিত সম্মতি না থাকিলে, ৬ (ছয়) সপ্তাহের মধ্যে উহা অপসারণ করিতে হইবে।

(১০) বিদ্যমান পূর্তকর্মের মৌলিক বৈশিষ্ট্য এবং অবস্থানের কোনোরূপ পরিবর্তন না করিয়া মেরামত, নবায়ন বা সংশোধনের জন্য পূর্তকর্ম বাস্তবায়নের ক্ষেত্রে, জরুরি অবস্থা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে লাইসেন্সি, মেরামতকারী কর্তৃপক্ষ বা, ক্ষেত্রমত, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে তাহার উদ্দেশ্য সম্পর্কে অন্যূন ৪৮ (আটচল্লিশ) ঘণ্টা পূর্বে লিখিত নোটিশ প্রদান করিবে।

(১১) উপ-বিধি (১০) এ উল্লিখিত সময় অতিক্রান্তের পর তাৎক্ষণিকভাবে উক্তরূপ পূর্তকর্ম শুরু করিতে হইবে এবং যথাশীঘ্ সম্ভব দ্রুততার সহিত এবং যদি সম্ভব হয়, শেষ না হওয়া পর্যন্ত দিবারাত্রি কাজ চালাইয়া যাইবে।

(১২) লাইসেন্সি এই বিধির কোনো বিধান প্রতিপালনে ব্যর্থ হইলে এবং উহার ফলে যেকোনো ক্ষতি বা অনিষ্টের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে এবং উক্তরূপ ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে সৃষ্ট মতপার্থক্য বা বিবাদের ক্ষেত্রে আইনের ধারা ৫৩ এর বিধান অনুসারে উহা নিষ্পত্তি হইবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২২৬ (PDF-এর পৃষ্ঠা ২)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত বিদ্যুৎ আইনের ধারা: ধারা ৫৩