প্রধান বিদ্যুৎ পরিদর্শক এবং বিদ্যুৎ পরিদর্শকের ক্ষমতা ও কার্যাবলি
(১) প্রধান বিদ্যুৎ পরিদর্শক লাইসেন্সি নহেন এমন গ্রাহকের ক্ষেত্রে যে কোনো আবাসিক বা বাণিজ্যিক বা নির্মাণ বা শিল্প কারখানায় ৫০ (পঞ্চাশ) কিলোওয়াট বা তদুর্ধ ক্ষমতার বিদ্যুৎ ব্যবহারের জন্য মধ্যম, উচ্চ ও অতি উচ্চ চাপের নূতন বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শন ও পরীক্ষান্তে বিদ্যুৎ সংযোগ প্রদানের অনুমোদন করিবেন।
(২) প্রধান বিদ্যুৎ পরিদর্শক বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বিদ্যুৎ পরিদর্শক যে কোনো আবাসিক বা বাণিজ্যিক বা নির্মাণ বা শিল্প কারখানার বৈদ্যুতিক স্থাপনা প্রতি ২ (দুই) বৎসর অন্তর পরিদর্শন ও পরীক্ষা করিবেন এবং তজ্জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান হইতে তফসিল-১ এ উল্লিখিত ফি আদায় করিতে পারিবেন।
(৩) প্রধান বিদ্যুৎ পরিদর্শক বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বিদ্যুৎ পরিদর্শক ৫০ (পঞ্চাশ) কিলোওয়াট বা তদুর্ধর ক্ষমতার বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ভবন নির্মাণের পূর্বে ভবনের অভ্যন্তরীণ ওয়্যারিং ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামসহ সেফটি প্ল্যান অনুমোদন করিবেন এবং ৫০ (পঞ্চাশ) কিলোওয়াট এর নিম্নে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ভবনের অভ্যন্তরীণ ওয়্যারিং ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামসহ সেফটি প্ল্যান ভবন নির্মাণের পূর্বে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী অনুমোদন করিবেন।
(৪) বৈদ্যুতিক উপ-কেন্দ্রের সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এবং ট্রান্সফরমার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তৈল পরীক্ষার জন্য প্রধান বিদ্যুৎ পরিদর্শকের লিখিত অনুমোদন গ্রহণ করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৫১ (PDF-এর পৃষ্ঠা ২৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)