সংজ্ঞা
(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়
(ক) “আইন” অর্থ বিদ্যুৎ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭ নং আইন);
(খ) “কমিশন” অর্থ বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ (২০০৩ সনের ১৩ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন;
(গ) “চাপ” অর্থ যে কোনো দুইটি বিদ্যুৎ পরিবাহীর মধ্যে বৈদ্যুতিক বিভবের পার্থক্য যাহার পরিমাপের একক ভোল্ট অথবা পরিবাহীর দুই অংশের বিদ্যুৎ চাপের পার্থক্য, যাহা একটি যথোপযুক্ত ভোল্ট মিটারের সাহায্যে পরিমাপ করা হইবে এবং নিম্নবর্ণিতভাবে হইবে, যথা :—
(অ) নিম্ন চাপ অর্থাৎ যখন স্বাভাবিক চাপ (nominal voltage) ৪০০ ভোল্ট;
(আ) মধ্যম চাপ অর্থাৎ যখন স্বাভাবিক চাপ ১১০০০ ভোল্ট;
(ই) উচ্চ চাপ অর্থাৎ যখন স্বাভাবিক চাপ ৩৩০০০ ভোল্ট; এবং
(ঈ) অতি উচ্চ চাপ অর্থাৎ যখন স্বাভাবিক চাপ ১৩২০০০ ভোল্ট বা উহার অধিক;
(ঘ) “প্রধান বিদ্যুৎ পরিদর্শক” অর্থ আইনের ধারা ৩১ এর উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী সরকার কর্তৃক নিযুক্ত প্রধান বিদ্যুৎ পরিদর্শক;
(ঙ) “বিদ্যুৎ পরিদর্শক” অর্থ আইনের ধারা ৩১ এর উপ-ধারা (১) এর অধীন নিযুক্ত বিদ্যুৎ পরিদর্শক;
(চ) “ভূগর্ভস্থ লাইন” অর্থ বিদ্যুৎ সঞ্চালন বা বিতরণের সহিত সংশ্লিষ্ট তার, পরিবাহী বা অন্য কোনো মাধ্যম বা মাধ্যমের অংশবিশেষ যাহা অনুমোদিত নকশা মোতাবেক পূর্তকর্মসহ ভূগর্ভে স্থাপিত;
(ছ) “সাবমেরিন কেবল” অর্থ বিদ্যুৎ সঞ্চালন বা বিতরণের সহিত সংশ্লিষ্ট তার, পরিবাহী বা অন্য কোনো মাধ্যম বা মাধ্যমের অংশবিশেষ যাহা অনুমোদিত নকশা মোতাবেক সম্পাদিত পূর্তকর্মসহ হুদ, নদীনালা, সমুদ্র বা অন্য কোনো জলাধারের তলদেশে বা পানির উপরিতলের নিচে স্থাপিত; এবং
(জ) “সরবরাহ” অর্থ তার, পরিবাহী বা অন্য কোনো মাধ্যমে উৎপাদন কেন্দ্র হইতে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মাধ্যমে গ্রাহকপ্রান্তে স্থাপিত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি বা সরঞ্জামে বৈধভাবে বিদ্যুৎ প্রেরণ।
(২) এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি আইনে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২২৫ (PDF-এর পৃষ্ঠা ১)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত বিদ্যুৎ আইনের ধারা: ধারা ৩১