RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি১১

মিটার

তৃতীয় অধ্যায়: বিদ্যুৎ সরবরাহ, মিটার স্থাপন, ইত্যাদি

(১) আইনের ধারা ১৭ এর উদ্দেশ্য পূরণকল্পে, লাইসেন্সি গ্রাহকের আঙিনায় এমন ধরনের মিটার, সর্বোচ্চ চাহিদা নির্দেশক বা অন্যবিধ যন্ত্র স্থাপন করিতে পারিবে, যাহা সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ বা যে মেয়াদে বিদ্যুৎ সরবরাহ করা হইয়াছে বা সময় ভিত্তিক বিদ্যুৎ ইউনিটের হার বা বিদ্যুৎ সরবরাহ সম্পর্কিত অন্যবিধ পরিমাণ বা সময় নিশ্চিত করে:

তবে শর্ত থাকে যে, কোনো চুক্তি বহির্ভূতভাবে মূল বিতরণ লাইনের এবং মিটারের অন্তর্বর্তী স্থান ব্যতীত অন্য কোনো স্থানে মিটার, নির্দেশক বা যন্ত্রপাতি স্থাপন করা যাইবে না:

আরো শর্ত থাকে যে, কোনো মিটার, নির্দেশক বা যন্ত্র যাহা বিদ্যুৎ বিলিং এর কাজে ব্যবহৃত হইয়া থাকে, লাইসেন্সি উক্ত মিটার, নির্দেশক বা যন্ত্রকে সঠিক ও চালু অবস্থায় রাখিবে।

(২) গ্রাহকের সহিত আলোচনা সাপেক্ষে লাইসেন্সি কর্তৃক সরবরাহ পয়েন্ট নির্ধারিত হইবে।

(৩) বিতরণ লাইসেন্সি সরবরাহকৃত বা স্থাপিত মিটার নিম্নবর্ণিত কারণে প্রতিস্থাপনের জন্য অনুরোধ করিতে পারিবে, যথা :—

(ক) আইন, বিধি, প্রবিধান বা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ (২০০৩ সনের ১৩ নং আইন) এর বিধান প্রতিপালন নিশ্চিত করিবার জন্য;

(খ) লাইসেন্সি এবং গ্রাহকের মধ্যে যদি কোনো কারণে মতবিরোধ দেখা দেয়, তাহা হইলে লাইসেন্সির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিস্থাপন; এবং

(গ) অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে।

(৪) লাইসেন্সি কর্তৃক অনুরোধ করিবার পর যদি গ্রাহক মিটার প্রতিস্থাপন করিতে অস্বীকার করেন, তাহা হইলে বিতরণ লাইসেন্সি বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করিতে পারিবে।

(৫) কোনো মিটার ব্যবহারের জন্য সঠিক বলিয়া গণ্য হইবে, যদি উহা লাইসেন্সির নির্ধারিত ধরন, মানদণ্ড ও স্পেসিফিকেশন অনুযায়ী হইয়া থাকে।

ব্যাখ্যা কোনো মিটার নির্ধারিত ত্রুটি সীমার মধ্যে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ বা সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ নির্দেশ করিলে উহা সঠিক বলিয়া গণ্য হইবে।

(৬) কোনো মিটার সঠিক কিনা তদ্‌বিষয়ে কোনো মতপার্থক্য দেখা দিলে যেকোনো পক্ষ অপর পক্ষকে অন্যূন ৭ (সাত) দিনের নোটিশ প্রদান করিয়া প্রধান বিদ্যুৎ পরিদর্শকের নিকট আবেদন করিতে পারিবে।

(৭) উপ-বিধি (৬) এর অধীন আবেদন প্রাপ্তির ৪৫ (পয়তাল্লিশ) দিনের মধ্যে প্রধান বিদ্যুৎ পরিদর্শক -পক্ষগণকে শুনানির সুযোগ প্রদান করিয়া মিটারের সঠিকতা সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করিবেন এবং তাহার সিদ্ধান্ত চুড়ান্ত হইবে।

(৮) প্রধান বিদ্যুৎ পরিদর্শক কর্তৃক গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ নিরূপিত হইবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৩ (PDF-এর পৃষ্ঠা ৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত বিদ্যুৎ আইনের ধারা: ধারা ১৭