RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪৯

মধ্যম, উচ্চ ও অতিউচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

(১) প্রধান বিদ্যুৎ পরিদর্শকের লিখিত অনুমোদন ব্যতীত কোনো লাইসেন্সি কোনো ব্যক্তিকে মধ্যম, উচ্চ বা অতিউচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ করিতে পারিবে না।

(২) উপ-বিধি (১) এর অধীন প্রদত্ত অনুমোদনের মেয়াদ হইবে ২ (দুই) বৎসর এবং অনুমোদিত প্রতিটি বৈদ্যুতিক স্থাপনা প্রতি ২ (দুই) বৎসর অন্তর অন্তর পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা করিবার পর সঠিক পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুমোদন নবায়ন করা হইবে।

(৩) কোনো গ্রাহককে উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করা হইলে, তিনি অনুমোদিত ডিজাইন ও মানদণ্ড অনুযায়ী একটি আবহাওয়া ও অগ্নি প্রতিরোধক তালাবদ্ধ দেয়ালঘেরা স্থান নির্মাণ করিবেন, যাহাতে লাইসেন্সির উচ্চ ভোল্টেজের টার্মিনাল, যন্ত্রপাতি ও মিটার রাখা হইবে।

(৪) উপ-বিধি (৩) এর অধীন নির্মিত দেয়ালঘেরা স্থান গ্রাহকের সাব-স্টেশন বা বৈদ্যুতিক উপ- কেন্দ্র হইতে পৃথক দালানে হইতে হইবে, তবে উক্তরূপ ব্যবস্থা না থাকিলে, লাইসেন্সির টার্মিনাল, উচ্চ থেকে আলাদাভাবে রাখিতে হইবে এবং দেয়ালঘেরা স্থানে স্থাপিত লাইসেন্সির সকল যন্ত্রপাতি পরিদর্শনের জন্য উন্মুক্ত প্রবেশাধিকার থাকিবে :

তবে শর্ত থাকে যে, দেয়ালঘেরা স্থানের নকশা ও অবস্থান নিয়ে লাইসেন্সি ও গ্রাহকের মধ্যে মতপার্থক্য থাকিলে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের নিকট এতদবিষয়ে আবেদন করা যাইবে এবং উক্ত বিষয়ে তাহার সিদ্ধান্ত চুড়ান্ত বলিয়া গণ্য হইবে।

(৫) উপ-বিধি (১) এর অধীন কোনো গ্রাহককে উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ ব্যবহারের অনুমতি প্রদান করা হইলে বিদ্যুৎ পরিদর্শকের লিখিত অনুমতি ব্যতীত তিনি উক্তরূপ বৈদ্যুতিক স্থাপনা চালু করিতে পারিবেন না।

(৬) উচ্চ ভোল্টেজের অনুমতিপ্রাপ্ত গ্রাহককে নিম্নবর্ণিত শর্তসমূহ প্রতিপালন করিতে হইবে, যথা :—

(ক) প্রত্যেক তৈলপূর্ণ (oil-filled) সুইচ গিয়ার, ট্রান্সফরমার, প্রযোজ্য ক্ষেত্রে, অন্যান্য যন্ত্র আলাদা স্থানে উপযুক্ত অগ্নি প্রতিরোধক দেয়াল দ্বারা পৃথক করিতে হইবে এবং ট্রান্সফরমারের তৈল নিষ্কাশন ও শোষণের জন্য পিট স্থাপন করিতে হইবে যেন তৈল উদ্ভূত আগুনের প্রজ্বলন স্থাপনার এক অংশ হইতে অন্য অংশে গমন (propagation) প্রতিরোধ করা যায়;

(খ) ক্যাবলযুক্ত সাব-স্টেশনের ভিতরে ক্যাবলগুলি বালি, নুড়ি পাথর বা অনুরূপ অদাহ্য বস্তু দ্বারা পূর্ণ করিতে হইবে অথবা অদাহ্য স্লাব দ্বারা আবৃত করিতে হইবে; এবং

(গ) বিদ্যুৎ পরিদর্শক কর্তৃক নির্দেশিত অন্যান্য শর্তাবলি, যদি থাকে, পূরণ করিতে হইবে।

(৭) উচ্চ ভোল্টেজযুক্ত স্থাপনার মালিক বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন করিতে ইচ্ছুক হইলে, উক্তরূপ পরিবর্তন সম্পর্কে বিদ্যুৎ পরিদর্শকের নিকট আবেদন করিবেন এবং বিদ্যুৎ পরিদর্শকের অনুমোদন ব্যতিরেকে উক্তরূপ পরিবর্তন করা যাইবে না!

(৮) কোনো গ্রাহক অনুমোদিত ট্যারিফ হইতে উচ্চতর ট্যারিফে বিদ্যুৎ ব্যবহার করিলে তাহাকে উচ্চতর হারে বিদ্যুৎ বিল প্রদান করিতে হইবে এবং উক্ত গ্রাহক পুনরায় অনুমোদিত ট্যারিফে বিদ্যুৎ ব্যবহার করিতে চাহিলে যথাযথ কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন দাখিল করিতে হইবে এবং তদ্প্রেক্ষিতে কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করিবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪৭ (PDF-এর পৃষ্ঠা ২৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)