ট্রান্সফরমার, সুইচ গিয়ার, ইত্যাদি স্থাপন এবং ইন্সুলেশন
(১) জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে গ্রাহক তাহার নিজ খরচে ট্রান্সফরমার, সুইচ গিয়ার ও পিএফআই প্ল্যান্টসহ বৈদ্যুতিক উপ-কেন্দ্রের জন্য প্রচলিত আইন অনুযায়ী একটি আলাদা কক্ষ নির্মাণ করিবেন ও উক্ত কক্ষ শুষ্ক রাখিবেন।
(২) ২৫০ (দুইশত পঞ্চাশ) কেভিএ পর্যন্ত ট্রান্সফরমার ড্রপ আউট ফিউজ, ২৫০ (দুইশত পঞ্চাশ) কেভিএ এর উর্ধে ৫০০ (পাঁচশত) কেভিএ পর্যন্ত ট্রান্সফরমার মধ্যম, উচ্চ, অতিউচ্চ চাপের সুইচ গিয়ার লোড ব্রেক সুইচ (এলবিএস) এবং ৫০০ (পাঁচশত) কেভিএ এর উর্ধে সকল ট্রান্সফরমার মধ্যম, উচ্চ, অতিউচ্চ চাপের সুইচ গিয়ার (এসিবি/ভিসিবি/ওসিবি/এলওসিবি/এমওসিবি/এসএফ-৬/জিআইএস) এর মাধ্যমে সুরক্ষিত করিতে হইবে।
(৩) আগুনের ঝুঁকি পরিহারের লক্ষ্যে রক্ষিত যন্ত্রপাতির স্থানে, কম্পার্টমেন্টে বা যন্ত্রপাতির বাক্স বা কোনো ফিটিংসের নিকট দাহ্য পদার্থ রাখা যাইবে না।
(৪) পারস্পরিক অবস্থার প্রেক্ষিতে কাজের লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ স্থান ও অবাধ প্রবেশের পথ ও কার্য পরিচালনার জন্য যথেষ্ট যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করিতে হইবে এবং কাজের উদ্দেশ্যে ব্যবহৃত সকল যন্ত্রপাতি সুবিধাজনক স্থানে রাখিতে হইবে।
(৫) যন্ত্রপাতির ত্রুটিজনিত কারণে অগ্নিকান্ড প্রতিরোধে ট্রান্সফরমার, সুইচ গিয়ার ও পিএফআই প্ল্যান্টসহ বৈদ্যুতিক উপ-কেন্দ্রসমূহে নিয়মিত বিরতিতে তফসিল-৩ এ বর্ণিত পদ্ধতিতে নিবিড়ভাবে পরীক্ষা করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৫০ (PDF-এর পৃষ্ঠা ২৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)